ভয়ংকর কম্পনে কেঁপে উঠল আন্দামান! আতঙ্কের ছায়া…!

সংবাদ সংস্থা, ১০ নভেম্বর :- রবিবার আচমকাই তীব্র কম্পনে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পন মাত্রা ৫.৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসি এস) এর তথ্য অনুযায়ী, রবিবার দুপুর ১২ নাগাদ আন্দামান সাগরে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতাও এখনও জারি করা হয়নি। আন্দামান সাগরের ৯০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। প্রাথমিকভাবে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস, জিএফজেড জানিয়েছে যে রবিবার আন্দামান দ্বীপপুঞ্জে ৬.০৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। উল্লেখ্য, চলতি বছরই ২৯ জুলাই তীব্র ভূমিকম্প হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছিল, ভারতীয় সময় সোমবার রাত ১২টা বেজে ১১ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় সেখানে। প্রসঙ্গত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। মাটির নীচে অবস্থিত ইন্ডিয়ান ও বর্মা প্লেটের কিনারায় আন্দামানের অবস্থান। ওই দুই পাত সামান্য নড়াচড়া করলেই কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর। আন্দামান ও নিকোবর সিসমিক জোন ৫ এর অন্তর্গত। এটি ভূমিকম্পের প্রবণতার নিরিখে ভারতের সবচেয়ে বিপজ্জনক অঞ্চল।