জয়পুরে মদ্যপ ডাম্পারচালকের ৫ কিলোমিটার তাণ্ডব, রাস্তাজুড়ে মৃত্যু ও ধ্বংস – প্রাণ গেল ১৯ জনের

সংবাদ সংস্থা, ৫ নভেম্বর :- রাজস্থানের রাজধানী জয়পুরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা গোটা শহরকে স্তব্ধ করে দিয়েছে। সিকার রোডে মদ্যপ অবস্থায় এক ডাম্পার ট্রাকচালক প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে তাণ্ডব চালিয়ে অন্তত ১৯ জন নিরীহ পথচারীর প্রাণ কেড়ে নিয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। এই ভয়াবহ ঘটনায় শোক ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

সূত্র অনুযায়ী, বুধবার সকালে ডাম্পার ট্রাকটি সিকার রোডে প্রবেশ করার সময় চালক সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সামনের সমস্ত কিছুকে ধাক্কা মেরে এগোতে থাকে। একে একে বহু ব্যক্তিগত গাড়ি, বাইক ও স্কুটারকে আঘাত করে, যাত্রীদের পিষে দিয়ে এগিয়ে যায় দৈত্যাকার ট্রাকটি। রাস্তাজুড়ে পড়ে থাকে রক্ত, লাশ ও দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৩০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাজস্থানের মন্ত্রী ঝাবর সিং খাররা। তিনি স্বীকার করেছেন, “এই দুর্ঘটনার পেছনে প্রশাসনিক গাফিলতি ছিল। যদি সঠিক ব্যবস্থা নেওয়া হত, হয়তো এতগুলি নিরীহ প্রাণ আজ বাঁচানো যেত।”

ভয়াবহ এই দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ডাম্পারটি কীভাবে এমন অবস্থায় রাস্তায় নামল, চালককে আগে কেন আটকানো যায়নি, এবং দুর্ঘটনার সময় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি কোথায় ছিল – সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা জয়পুরে। সাধারণ মানুষের প্রশ্ন – এক মদ্যপ চালকের বেপরোয়া তাণ্ডবের জেরে এত প্রাণহানি, এর দায় নেবে কে?