গঙ্গাস্নানে যাচ্ছিলেন পুণ্যার্থীরা, কালকা এক্সপ্রেসের ধাক্কায় মৃত ৮……..

সংবাদ সংস্থা, ৫ নভেম্বর :- উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় বুধবার সকালে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত আট জন পুণ্যার্থীর। জানা গিয়েছে, কার্তিক পূর্ণিমা উপলক্ষে গঙ্গাস্নানের উদ্দেশ্যে যাত্রা করছিলেন তাঁরা। সকাল প্রায় ৯টা ৩০ মিনিটের সময় চুনার রেলওয়ে স্টেশনে ঘটে এই ভয়ংকর দুর্ঘটনা।

সূত্রের খবর, গোমোহ – প্রয়াগরাজ এক্সপ্রেস থেকে নেমে কিছু যাত্রী ভুল পথে রেললাইন পার হচ্ছিলেন। ঠিক সেই সময় দ্রুত গতিতে তিন নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে যাচ্ছিল কালকা – হাওড়া এক্সপ্রেস। ট্রেনের তীব্র ধাক্কায় ৭–৮ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, মুহূর্তের মধ্যে রেললাইনে ছড়িয়ে পড়ে রক্ত আর আর্তনাদে ভরে যায় স্টেশন চত্বর।

রেল নিরাপত্তা বাহিনী (RPF) ও সরকারি রেল পুলিশ (GRP) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ছয় জন মহিলা – সবিতা (২৮), সাধনা (১৬), শিবকুমারী (১২), অঞ্জু দেবী (২০), সুশীলা দেবী (৬০) এবং কলাবতী দেবী (৫০)। তাঁদের মধ্যে সবিতা ও সাধনা ছিলেন বোন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চুনার স্টেশনে নির্ধারিত স্টপেজ না থাকলেও কালকা এক্সপ্রেসটি তখন ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে চলছিল। ঠিক সেই সময়ই পুণ্যার্থীরা রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান।

দুর্ঘটনার পর রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকি করেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ – এনডিআরএফ দলকে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন।

এই ঘটনায় চুনার-প্রয়াগরাজ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।