সংবাদ সংস্থা, ৫ নভেম্বর :- ওড়িশা থেকে গাঁজা এনে পাচারের সময় এসটিএফের হাতে ধরা পড়ল দুই মহিলা। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ওড়িশার বালাসোর থেকে গাঁজা এনে ব্যাগে ভরে মঙ্গলকোটে আনা হচ্ছিল। সোমবার বিকেলে বাদশাহী রোডের নতুনহাট বাসস্ট্যান্ডের কাছে মঙ্গলকোট থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় এসটিএফের গোয়েন্দারা। সেখানে দুই মহিলাকে বেশ কয়েকটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় আধিকারিকদের। তাদের আটক করে তল্লাশি চালানো হলে ব্যাগের ভিতরে থাকা কয়েকটি প্যাকেট থেকে মোট ৫৫ কেজি ২৭২ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
ধৃত দুই মহিলার নাম আদু বিবি ওরফে কাদু (৫৮) ও জ্যোৎস্না বিবি (৩৮)। আদু বিবির বাড়ি পূর্বস্থলী থানার বেলের হল্ট এলাকায় এবং জ্যোৎস্না বিবির বাড়ি নদিয়ার নবদ্বীপ থানার মইসূরা গ্রামের মোল্লাপাড়ায়। জিজ্ঞাসাবাদে এসটিএফ জানতে পারে, বালাসোর থেকে আনা গাঁজা মঙ্গলকোটের পিণ্ডিরা গ্রামের এক গাঁজা কারবারির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
অভিযানের সময় সন্ধ্যা হয়ে যাওয়ায়, সূর্যাস্তের পর গ্রেপ্তারির অনুমতি নিতে মঙ্গলকোট থানার পুলিশ কাটোয়ার এসিজেএম আদালতে আবেদন জানায়। আদালত শর্তসাপেক্ষে অনুমতি দেন। এসটিএফের তরফে থানায় অভিযোগ দায়েরের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়।
মঙ্গলবার ধৃত দুই মহিলাকে বর্ধমানের বিশেষ মাদক আদালতে তোলা হলে, তদন্তে আরও তথ্য জানতে ও গাঁজা উদ্ধারের উদ্দেশ্যে পুলিশ তাঁদের পাঁচ দিনের হেফাজতের আবেদন জানায়। বিচারক মনোজ কুমার রায় চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
