সংবাদ সংস্থা, ৩ নভেম্বর :- উৎসবের মাসে দাম বেড়েছিল, আর উৎসব ফুরোতেই কমল এলপিজি সিলিন্ডারের দাম। নভেম্বরের শুরুতেই দেশজুড়ে নতুন দাম কার্যকর হয়েছে। এবার কমেছে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম, যা মূলত রেস্তোরাঁ, হোটেলসহ বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত হয়।
গত মাসে অক্টোবরে সারা দেশেই ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল – দিল্লি ও মুম্বইয়ে ১৫.৫০ টাকা, কলকাতা ও চেন্নাইয়ে ১৬.৫০ টাকা করে। তবে নভেম্বর মাসে সেই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে তেল বিপণন সংস্থাগুলি।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইট অনুযায়ী, নতুন দামে এখন :-
দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ₹১,৫৯০.৫০ (কমেছে ₹৫),
মুম্বইয়ে দাম এখন ₹১,৫৪২ (কমেছে ₹৫),
চেন্নাইয়ে ৪ টাকা ৫০ পয়সা কমে দাম ₹১,৭৫০,
আর কলকাতায় ৬ টাকা ৫০ পয়সা কমে ₹১,৬৯৪ প্রতি সিলিন্ডার।
তবে গৃহস্থালিতে ব্যবহৃত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। এপ্রিল ২০২৫ পর্যন্ত এই দাম একই রয়েছে :-
দিল্লিতে :- ₹৮৫৩
কলকাতায় :- ₹৮৭৯
মুম্বইয়ে :- ₹৮৫২.৫০
চেন্নাইয়ে :- ₹৮৬৮.৫০
উল্লেখ্য, ২০২৪ সালের নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গৃহস্থালি গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছিলেন, তবে তার পর থেকে বারবার দাম অপরিবর্তিত থেকেছে। এপ্রিল মাসে একবার ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল, যার ফলে মধ্যবিত্ত পরিবারগুলির ওপর আর্থিক চাপ বেড়েছিল।
তবে নভেম্বর মাসের এই নতুন পরিবর্তনে অন্তত বাণিজ্যিক ক্ষেত্রের কিছুটা স্বস্তি মিলেছে। এখন দেখার, শীঘ্রই কি গৃহস্থালি গ্যাসের দামও কমানোর পথে হাঁটে কেন্দ্র।
