সংবাদ সংস্থা, ৩ নভেম্বর :- ভারতের মহাকাশ অভিযানে যুক্ত হল আরও এক গৌরবময় অধ্যায়। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপিত হয়েছে ইসরোর তৈরি দেশের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ ‘সিএমএস-০৩’। ওজন প্রায় ৪,৪১০ কিলোগ্রাম – যা এ পর্যন্ত ভারতীয় মাটি থেকে উৎক্ষেপিত সবচেয়ে ভারী উপগ্রহ।
এই উপগ্রহটিকে মহাকাশে পৌঁছে দিয়েছে ভারতের নিজস্ব তৈরি রকেট এলভিএম৩-এম৫, যাকে ইসরোর বিজ্ঞানীরা স্নেহভরে ডাকেন ‘বাহুবলী’ নামে। প্রায় ৪৩.৫ মিটার লম্বা এই শক্তিশালী রকেটটি চার হাজার কিলোগ্রামেরও বেশি ওজনের উপগ্রহকে স্বল্প খরচে মহাকাশে পাঠাতে সক্ষম। উৎক্ষেপণের পর উপগ্রহটি জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে (GTO) স্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (X) হ্যান্ডেলে ইসরোকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “যেভাবে ভারতের মহাকাশ গবেষণা আজ শ্রেষ্ঠত্ব ও নতুনত্বের প্রতীক হয়ে উঠেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই সাফল্য আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।”
উল্লেখ্য, ২০১৮ সালে ৫,৮৫৪ কেজি ওজনের এক কৃত্রিম উপগ্রহ ভারত মহাকাশে পাঠিয়েছিল, তবে সেটি উৎক্ষেপণ করা হয়েছিল দক্ষিণ আমেরিকার ফরাসি ভূখণ্ড ফ্রেঞ্চ গুয়ানার কোউরু থেকে, ফরাসি সংস্থা এরিয়ানস্পেসের সহযোগিতায়। কিন্তু এ বার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে, ভারতীয় মাটি থেকেই উৎক্ষেপণ করা হল প্রায় সাড়ে চার টন ওজনের উপগ্রহ – যা ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক।
