আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প! মাজার – ই – শরীফ কেঁপে উঠল, বহু নিহত ও শতাধিক আহত

সংবাদ সংস্থা, ৩ নভেম্বর :- ভোরের নীরবতা ভেঙে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। সোমবার ভোরে দেশটির উত্তরাঞ্চলে, মাজার-ই-শরীফের কাছে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরীফ শহরের প্রায় ২৮ কিলোমিটার (১৭.৪ মাইল) গভীরে। শহরটির জনসংখ্যা প্রায় ৫ লক্ষ ২৩ হাজার।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ২৬০ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের তীব্রতায় বহু ঘরবাড়ি ও স্থাপনা ভেঙে পড়েছে। রাতের অন্ধকারে উদ্ধারকাজ চলতে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা ভূমিকম্পের পরপরই ‘কমলা সতর্কতা’ জারি করেছে, যা ইঙ্গিত দিচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনার। আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল হলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্টভাবে বোঝা যাবে।

অগাস্টের পর নভেম্বরেই ফের ভয়াল ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান। কয়েক সেকেন্ডের কম্পনেই ভেঙে গেল বহু জীবনের স্বপ্ন – চলছে উদ্ধারের মরিয়া চেষ্টা।