সংবাদ সংস্থা, ২ নভেম্বর :- ভারতের মহিলা ক্রিকেট দল ইতিমধ্যেই ইতিহাস গড়েছে। চলতি আইসিসি মহিলা বিশ্বকাপের (ICC Women’s World Cup 2025) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩৯ রান তাড়া করে রেকর্ড জয় পেয়েছে হরমনপ্রীত কৌরের ভারত। আগামীকাল, ২ নভেম্বর, নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হবে ফাইনাল – যেখানে ভারতের প্রতিপক্ষ লরা উলভার্টের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ জিততে পারলেই রাতারাতি ধনকুবের হতে পারেন হরমনপ্রীতরা।
🔸 পুরস্কারমূল্যে রেকর্ড বৃদ্ধি :-
চলতি বিশ্বকাপে আইসিসি (ICC) চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বে পুরস্কারমূল্যে ঘটেছে নজিরবিহীন বৃদ্ধি। ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত শেষ আসরে মোট পুরস্কারমূল্য ছিল ৩০ কোটি টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ কোটি টাকা – অর্থাৎ প্রায় ২৯৭% বৃদ্ধি!
গতবারের বিজয়ী অস্ট্রেলিয়া পেয়েছিল প্রায় ১১ কোটি টাকা, আর রানার্স ইংল্যান্ড পেয়েছিল ৫ কোটি। এবার সেই অঙ্ক বহুগুণে বেড়েছে।
🔸 জয় শাহের সমান বেতন নীতি :-
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান হিসেবে জয় শাহ দায়িত্ব নেওয়ার পর থেকেই নারী ক্রিকেটে সমতা আনার প্রচেষ্টা স্পষ্ট। ২০২৪ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি বেতন সমতার নীতি প্রবর্তন করেছিলেন। এবার বিশ্বকাপে চারগুণ পুরস্কারমূল্য বৃদ্ধিও সেই ধারাবাহিকতারই প্রতিফলন।
জয় শাহ বলেন,
“এই ঘোষণা নারী ক্রিকেটের যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। পুরস্কারমূল্যের চারগুণ বৃদ্ধি নারী ক্রিকেটের জন্য এক যুগান্তকারী মুহূর্ত। আমাদের বার্তা স্পষ্ট নারী ক্রিকেটাররা যেন জানেন, তারা যদি পেশাদারভাবে এই খেলা বেছে নেন, তবে তাদের সঙ্গে পুরুষদের মতোই আচরণ করা হবে।”
🔸 পুরস্কারমূল্যের বিস্তারিত বিভাজন :-
স্থান পুরস্কারের অঙ্ক :-
🏆 বিজয়ী দল ₹৪০ কোটি
🥈 রানার্স-আপ ₹২০ কোটি
🔹 সেমিফাইনালিস্ট দল ₹৯.৩ কোটি
🔹 পঞ্চম ও ষষ্ঠ স্থান ₹৫.৮ কোটি
🔹 সপ্তম ও অষ্টম স্থান ₹২.৩ কোটি
🔹 অংশগ্রহণের পুরস্কার ₹২ কোটি
🔹 প্রতি গ্রুপ ম্যাচ জয়ে বোনাস ₹২৮ লক্ষ
🔸 তুলনামূলক দৃষ্টিতে
২০২৩ সালের পুরুষদের ওডিআই বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ছিল ৮৪ কোটি টাকা, অর্থাৎ এবার নারী বিশ্বকাপ সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে। নারী ক্রিকেটের এই উত্থান বিশ্ব ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করছে – যেখানে হরমনপ্রীত কৌর ও তাঁর দল জয়ের মাধ্যমে ইতিহাসকে আরও উজ্জ্বল করতে পারেন।
