কেএল রাহুল কেকেআরে ? শাহরুখের বাজিমাত – রাজধানী থেকে রাহুলকে ছিনিয়ে নিতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স!

সংবাদ সংস্থা, ২ নভেম্বর :- আইপিএল ২০২৬-এর নিলাম ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। চলতি বছর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে খেলোয়াড় কেনাবেচার এই মহাযজ্ঞ – সম্ভাব্য তারিখ ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে চলছে ব্যাপক অদলবদলের গুঞ্জন। খবর, একাধিক হেভিওয়েট দল ভাঙছে সংসার, আর সেই তালিকায় নাকি রয়েছে দিল্লি ক্যাপিটালসও।

সবচেয়ে চমকপ্রদ খবর – কেএল রাহুলকে দলে নিতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স!
রোহিত শর্মাকে না পেয়ে থেমে নেই শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, রোহিতকে কোনও অবস্থাতেই ছাড়া হবে না। তাই এবার কেকেআরের নজর গিয়েছে ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার ও প্রাক্তন অধিনায়ক কেএল রাহুলের দিকে।

২০২২ থেকে ২০২৪ পর্যন্ত লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন রাহুল। তারপর দিল্লি ক্যাপিটালস তাঁকে ১৪ কোটি টাকায় দলে নিয়েছিল। তবে এখন শোনা যাচ্ছে, দিল্লি তাঁকে ছাড়তে আগ্রহী, আর সেই সুযোগই কাজে লাগাতে চাইছে কেকেআর। দলের এমন একজন ব্যাটার ও নেতা প্রয়োজন, যিনি পারফরম্যান্স ও নেতৃত্ব – দুই দিকেই দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন।

তবে সমস্যাও রয়েছে। কেকেআরের স্কোয়াডে এমন কোনও খেলোয়াড় নাও থাকতে পারে, যাকে ট্রেডে পেতে আগ্রহী হবে দিল্লি। রিঙ্কু সিং বা অঙ্গকৃষ রঘুবংশীর মতো তারকাদের ছাড়া কঠিন, কারণ তাঁরা দলের ভবিষ্যৎ। অন্যদিকে, আন্দ্রে রাসেল ও সুনীল নারিন তো কেকেআরের প্রাণ, যাঁদের ছাড়া দলকে কল্পনাই করা যায় না।

রিপোর্ট বলছে, হতশ্রী পারফরম্যান্সের কারণে ভেঙ্কটেশ আইয়ারের কেকেআর ক্যারিয়ারও সম্ভবত শেষ হতে চলেছে। তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় দলে নেওয়া হলেও পারফরম্যান্সে তিনি ধারাবাহিক নন। কেকেআর এবার নিলামে ক্যামেরন গ্রিনের জন্য ঝাঁপাতে পারে। শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়ায় তাদের হাতে যথেষ্ট বাজেট রয়েছে।

গত মরসুমে অজিঙ্ক রাহানের নেতৃত্বে দল একেবারেই সফল হয়নি, এমনকি প্লে-অফেও পৌঁছতে পারেনি কেকেআর। তাই নতুন মরসুমে বড় পরিবর্তন আসা প্রায় নিশ্চিত। আর যদি কেএল রাহুলের মতো ক্রিকেটার ইডেনের ঘরে আসেন, তবে সেটা নিঃসন্দেহে হবে শাহরুখের আসল বাজিমাত।

সম্ভাব্য কেকেআর আইপিএল ২০২৫ স্কোয়াড :- রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, রমনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি), কুইন্টন ডি কক (৩.৬০ কোটি), রহমানুল্লাহ গুরবাজ (২ কোটি), আনরিখ নোকিয়া (৬.৫০ কোটি), অঙ্গকৃষ রঘুবংশী (৩ কোটি), বৈভব অরোরা (১.৮০ কোটি), মায়াঙ্ক মারকাণ্ডে (৩০ লাখ), রোভম্যান পাওয়েল (১.৫০ কোটি), মনীশ পাণ্ডে (৭৫ লাখ), স্পেন্সার জনসন (২.৮০ কোটি), লুভনিথ সিসোদিয়া (২.৮০ কোটি), অজিঙ্ক রাহানে (১.৫০ লাখ), অনুকূল রায় (৪০ লাখ), মঈন আলি (২ কোটি), উমরান মালিক (৭৫ লাখ)।

এখন দেখার পালা – শাহরুখ খানের কেকেআর সত্যিই কি কেএল রাহুলকে দলে টানতে পারে, নাকি এই ট্রেড আবারও থেকে যাবে গুজবের পর্যায়েই!