সংবাদ সংস্থা, ০৯ অক্টোবর :-পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ মন্তব্য করেছেন যে, ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা ‘বাস্তব’, তবে তাঁর দাবি যুদ্ধে পাকিস্তান ‘আগের চেয়ে ভালো ফল করবে।’এই মন্তব্য আসে ভারতীয় সেনাপ্রধান জেনারেল দ্বিবেদীর পাকিস্তানকে ‘ভূগোল বদলে দেওয়ার’ কড়া হুঁশিয়ারি এবং রাষ্ট্র-পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদ বন্ধ করার দাবির পরই।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা ‘বাস্তব’—সরাসরি এই বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। একটি সংবাদ চ্যানেলে তাঁর চাঞ্চল্যকর মন্তব্য প্রকাশ্যে আসতেই ফের একধাক্কায় চড়ে গিয়েছে দুই দেশের উত্তেজনার পারদ। আসিফ দাবি করেছেন, যদি যুদ্ধ শুরু হয়, তবে পাকিস্তান ‘আগের চেয়েও ভালো ফল করবে।’ জেনারেল দ্বিবেদীর ‘ভূগোল বদলে দেওয়ার’ হুঁশিয়ারি খোয়াজা আসিফের এই যুদ্ধংদেহী মন্তব্য কিন্তু ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী-র কড়া হুঁশিয়ারির ঠিক পরই এলো। জেনারেল দ্বিবেদী পাকিস্তানকে স্পষ্ট করে জানিয়েছেন, তারা যেন রাষ্ট্র-পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদ অবিলম্বে বন্ধ করে। তাঁর হুঁশিয়ারি ছিল ।
‘ভারত এবার পুরোপুরি প্রস্তুত। ‘অপারেশন সিন্দূর ১.০’-এর সময় যে সংযম দেখিয়েছিলাম, এবার তা দেখাবো না। এইবার এমন পদক্ষেপ নেওয়া হবে যে পাকিস্তানকে ভাবতে হবে, তারা ভৌগোলিকভাবে আদৌ টিকে থাকতে চায় কিনা।’
উল্লেখ করা যেতে পারে, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে ভারতীয় বায়ুসেনা (IAF) ‘অপারেশন সিন্দূর’ পরিচালনা করেছিল। সেই অপারেশনে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (PoK) নয়টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়।
আসিফের পাল্টা দাবি, ‘পাকিস্তান তৈরি হয়েছে আল্লাহর নামে’। এদিকে, পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ অবশ্য জেনারেল দ্বিবেদীর হুঁশিয়ারিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। তাঁর পাল্টা দাবি, ভারত কখনোই একজোট ছিল না। ‘ইতিহাস দেখলে বোঝা যায়, আওরঙ্গজেবের সংক্ষিপ্ত শাসনকাল বাদ দিয়ে ভারত কখনোই একটি ঐক্যবদ্ধ জাতি ছিল না। অন্যদিকে, আল্লাহর নামে পাকিস্তান সৃষ্টি করা হয়েছে,’ – মন্তব্য আসিফের।
তিনি আরও বলেন, অভ্যন্তরীণ ক্ষেত্রে যত মতবিরোধই থাকুক, ভারতের সঙ্গে সংঘাতের সময় ‘আমরা একজোট হই।’ আসিফের এই মন্তব্যের পর আপাতত নজরে দুই দেশে সীমান্তের পরিস্থিতি। দুই পারমাণবিক শক্তির মন্ত্রীর এমন যুদ্ধংদেহী মনোভাব কি সংঘাতের আবহ তৈরি করছে? সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।
