ভারতীয় বায়ুসেনার মেনু কার্ডে ‘খাবার’ পাকিস্তান! সেনাপ্রধানের ‘মুছে দেওয়ার’ হুংকারের পরই কড়া বার্তা

সংবাদ সংস্থা, ০৯ অক্টোবর :- মেনু কার্ডে বেশ কয়েকটি খাবারের নাম পাকিস্তানের শহরের নাম। এটি কেবল একটি খাবারের তালিকা নয়, বরং পাকিস্তানকে প্রতীকী এক কড়া বার্তা।

ভারতীয় বায়ুসেনার ৯৩ বছর পূর্তি :- মেনু কার্ডে পাকিস্তান! ভারতীয় বায়ুসেনার ৯৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে ভোজের মেনু ঘিরে শুরু হয়েছে আলোচনা। মেনু কার্ড দেখে তাজ্জব সবাই….

বায়ু সেনার প্রতীক চিহ্ন – সহ প্রকাশিত ওই মেনু কার্ডে বেশ কয়েকটি খাবারের নাম পাকিস্তানের শহরের নামে – “রাওয়ালপিন্ডি চিকেন টিক্কা মাসালা”, “রফিকি রারা মাটন”, “সুক্কুর শাম সাভেরা কোফতা”, “সর্গোধা দাল মাখনি”, “বাহাওয়ালপুর নান”। অনেকেই মনে করছেন, এটি কেবল একটি খাবারের তালিকা নয়, বরং পাকিস্তানকে প্রতীকী এক কড়া বার্তা। পাকিস্তানের এই শহরগুলির সঙ্গে ভারতের সামরিক ইতিহাস ঘনিষ্ঠভাবে জড়িত। বিশেষ করে ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধ, বালাকোট এয়ারস্ট্রাইক এবং সাম্প্রতিক অপারেশন সিঁদুর।

প্রতিরক্ষা মহলের একাংশের মতে, বায়ু সেনার এই মেনু স্মরণ করিয়ে দেয়, ভারত কোনও আক্রমণ ভোলে না, প্রয়োজনে জবাব দেয় নিজের মতো করে। “ইনফ্যালিবল, ইম্পারভিয়াস অ্যান্ড প্রিসাইস” স্লোগানের নিচে সাজানো এই মেনু সেই আত্মবিশ্বাসের প্রতিফলন। সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’ ও পহেলগাঁও হামলার পর দেশ জুড়ে যে মনোভাব তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতেও অনেকে এই মেনুকে দেখছেন প্রতিশোধ ও আত্মগর্বের এক নীরব প্রতীক হিসেবে। ৯৩ বছরে এসে বায়ু সেনার বার্তা আরও স্পষ্ট – “আমরা নির্ভুল, অদম্য ও অনমনীয়।” প্রসঙ্গত, ঠিক এক সপ্তাহ আগেই পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। ‘এবার মানচিত্র থেকেই মুছে দেব’…!

হুংকার দিয়েছেন, দেশের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। দেশের সেনাপ্রধান সাফ জানিয়ে দেন যে, পাকিস্তান যদি এখনই জঙ্গিদের প্রশ্রয় দেওয়া বন্ধ না করে, তাহলে দ্রুতই পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেবে ভারত। রাজস্থানে দাঁড়িয়ে সাফ জানান যে, ভারত এবার পুরোপুরি প্রস্তুত। অপারেশন সিদুঁর ২.০ আসন্ন। উল্লেখ্য, সাম্প্রতিক ইতিহাসে দেশের কোনও সেনাপ্রধানকে এই ভাষায় পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিতে দেখা যায়নি। এরপরই ভারতীয় বায়ুসেনার এই মেনু কার্ড যেন সেই আগুনেই ঘি ঢালল!