নাগরিক পরিকাঠামো উন্নয়ন এবং পরিচ্ছন্ন শহর রূপে গড়ে তোলার লক্ষ্যে অসম সরকারের আয়ুক্ত ও সচিব, কবিতা পদ্মনাভনের শিলচর সফর

জনসংযোগ শিলচর, জুলাই ২৩জুলাই :- শহরের নাগরিক পরিকাঠামো ও স্যানিটেশন ব্যবস্থার বর্তমান অবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার শিলচর সফরে আসেন অসম সরকারের হাউজিং ও আরবান অ্যাফেয়ার্স বিভাগের আয়ুক্ত ও সচিব, শ্রীমতী কবিতা পদ্মনাভন, (আইএএস)। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সরেজমিনে ঘুরে দেখে তিনি পরিস্কার-পরিচ্ছন্নতা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক পরিষেবার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করেন এবং দ্রুত সমাধানের দিকনির্দেশ দেন।

শিলচর পৌর নিগমের আওতাধীন ব্যস্ত বাজার এলাকা, প্রধান সড়ক, মিউনিসিপ্যাল ডাম্পিং ইয়ার্ড ও শহরের সীমানা অঞ্চলে ঘুরে দেখেন শ্রীমতী পদ্মনাভন। পরিদর্শনের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন শিলচর পৌর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত, শ্রীমতী সৃস্টি সিং, (আইএএস), কার্যবাহী আধিকারিক শ্রী নবোত্তম শর্মা, (এ.ইউ.এ.এস,) পৌর নিগমের অন্যান্য কর্মকর্তা ও সৃষ্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রতিনিধিরা। তাঁরা কর্মীদের সাথে কথা বলেন এবং চলতি কাজের বিভিন্ন সমস্যার খোঁজ নেন।

বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যার পরিপ্রেক্ষিতে তিনি রঙিরখাল, লঙ্গাইখাল ও সোনাই রোড-সহ বন্যাপ্রবণ এলাকাগুলিও পরিদর্শন করেন। এই এলাকাগুলির নিকাশি পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত সমাধানমূলক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

পরিদর্শন শেষে তিনি একটি বৈঠক করেন যেখানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নিকাশি ও নাগরিক পরিষেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সমন্বিত উদ্যোগ, সময়মতো হস্তক্ষেপ ও দায়িত্বশীলতার মাধ্যমে শহরবাসীর উপকারে আসা বাস্তবিক পরিবর্তন আনতে আহ্বান জানান তিনি।

আয়ুক্ত ও সচিব, শ্রীমতী কবিতা পদ্মনাভন বলেন, “অসমের শহরগুলিকে পরিচ্ছন্ন, বাসযোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সঠিক পরিকল্পনা, জনসম্পৃক্ততা ও সতর্ক বাস্তবায়নের মাধ্যমেই নাগরিকদের প্রত্যাশা পূরণ সম্ভব।”

পরিদর্শন শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে শিলচর পৌর নিগম কর্তৃপক্ষকে উদ্ভুত সমস্যাগুলি দ্রুত সমাধানের সুস্পষ্ট নির্দেশনা দেন। হাউজিং ও আরবান অ্যাফেয়ার্স বিভাগ শিলচর ও অন্যান্য শহরকে নাগরিক ব্যবস্থাপনার আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলে তিনি জানান।