রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ১২ জানুয়ারি :- এমজিএনরেগা আইনের পূর্ণ বাস্তবায়ন ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে রবিবার ধর্মনগরে জেলা কংগ্রেস ভবনে চার ঘণ্টাব্যাপী গণ-অবস্থান কর্মসূচি পালন করল কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলা ও মহকুমা স্তরের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।গণ-অবস্থানে উপস্থিত ছিলেন কংগ্রেস উত্তর জেলা কমিটির সভাপতি দিগবিজয় চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য চয়ন ভট্টাচার্যসহ জেলা কংগ্রেস, যুব কংগ্রেস ও কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এমজিএনরেগা আইনের অধীনে কাজের নিশ্চয়তা, বকেয়া মজুরি দ্রুত পরিশোধ এবং প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখার দাবিতে সরব হন।বক্তারা অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে এমজিএনরেগা প্রকল্প কার্যত অচল হয়ে পড়েছে। কাজের সুযোগ কমে যাওয়ায় গ্রামীণ শ্রমিকরা চরম আর্থিক সংকটে পড়েছেন। অবিলম্বে কাজের সংখ্যা বাড়ানো, নিয়মিত মজুরি প্রদান এবং কেন্দ্র ও রাজ্য সরকারের সদিচ্ছার মাধ্যমে প্রকল্পটিকে সক্রিয় করার দাবি জানান তাঁরা।কর্মসূচি চলাকালীন শান্তিপূর্ণভাবে স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে দাবি তুলে ধরা হয়। শেষে নেতৃত্বরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে।
এমজিএনরেগা আইনের পূর্ণ বাস্তবায়নের দাবিতে ধর্মনগরে কংগ্রেসের চার ঘণ্টার গণ-অবস্থান কর্মসূচি
