ধর্মনগর উপনির্বাচনে বেহাল রাস্তা ঘিরে সরব সিপিআইএম, বিজেপির উন্নয়ন নিয়ে কড়া প্রশ্ন অমিতাভ দত্তের

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ৩০ মার্চ :- আসন্ন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্রতর হচ্ছে। রবিবার নির্বাচনী প্রচারে নেমে সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত বিজেপি সরকারের উন্নয়নমূলক দাবিকে ‘ফাঁকা বুলি’ বলে কড়া সমালোচনা করেন। প্রচারের সময় তিনি ধর্মনগর বিধানসভার অন্তর্গত ৬ নং বুথের সোনারোরবাসা এলাকায় যান এবং সেখানে ৩ ও ৪ নং ওয়ার্ডের বেহাল রাস্তার চিত্র সরেজমিনে পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার এই দুরবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, একাধিকবার পঞ্চায়েত প্রতিনিধিদের জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি।অমিতাভ দত্ত অভিযোগ করেন, গ্রাম হোক বা শহর – সব জায়গাতেই একই চিত্র। রাস্তা-ঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়, যা বিজেপি সরকারের উন্নয়নের দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। তিনি আরও বলেন, সম্প্রতি শিলাবৃষ্টির ফলে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলেও এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলি কোনো ক্ষতিপূরণ পায়নি। বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, “উন্নয়ন হয়েছে শুধুমাত্র শাসক দলের লোকেদের, সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে তার কোনো প্রভাব পড়েনি।” তাঁর অভিযোগ, গত কয়েক বছরে ধর্মনগরের সামগ্রিক অবস্থা ক্রমশ অবনতির দিকে গেছে – না হয়েছে কর্মসংস্থান, না হয়েছে ব্যবসার প্রসার। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামো ক্ষেত্রেও কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলেও দাবি করেন তিনি। এদিনের প্রচারে সিপিআইএম নেতৃত্ব এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন দুর্নীতির অভিযোগও শোনেন। পরিশেষে, আগামী উপনির্বাচনে সিপিআইএম প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে ধর্মনগরের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।