যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২১ ফেব্রুয়ারি :- উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ত্রিপুরা সরকারের জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে শনিবার সকালে বিবেকানন্দ সার্ধ শতবর্ষী ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা চক্র, কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনায় ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মাতৃভাষার গুরুত্ব, ভাষা আন্দোলনের ইতিহাস এবং ভাষা সংরক্ষণে নতুন প্রজন্মের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ-সভাধিপতি ভবতোষ দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা বিজয় সিনহা, জেলা শিক্ষা আধিকারিক ফিরন্জন ত্রিপুরা, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস এবং বিশিষ্ট ব্যক্তিত্ব সমর চক্রবর্তী, দীপাল দাস, মিলন কান্তি দত্ত, গুরুপদ চক্রবর্তী সহ একাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আলোচনা পর্বের পর অনুষ্ঠিত হয় কবি সম্মেলন, যেখানে স্থানীয় কবি-সাহিত্যিকরা মাতৃভাষার প্রতি ভালোবাসা ও ভাষা আন্দোলনের চেতনাকে তাঁদের কবিতার মাধ্যমে তুলে ধরেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। এদিনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধর্মনগর পুরপরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস (সেন) এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান জুড়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষার বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। উপস্থিত দর্শক- শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
