ধর্মনগর জেলা হাসপাতালে সিটিস্ক্যান পরিষেবা বন্ধ, দুর্ঘটনাগ্রস্তের পরিবারে চরম অসহায়তা

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২১ ফেব্রুয়ারি :- উত্তর ত্রিপুরার ধর্মনগর-এর অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র ধর্মনগর জেলা হাসপাতাল-এ জরুরি পরিষেবার বেহাল অবস্থার অভিযোগ উঠেছে। বিশেষ করে সিটিস্ক্যান পরিষেবা বন্ধ থাকায় দুর্ঘটনাগ্রস্ত রোগী ও তাঁদের পরিবারের মধ্যে চরম অসন্তোষ ও অসহায়তার সৃষ্টি হয়েছে।শনিবার এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষার পর রোগীর অবস্থা বিবেচনা করে জরুরি ভিত্তিতে সিটিস্ক্যান করার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালের সিটিস্ক্যান বিভাগে গেলে পরিবারের সদস্যরা জানতে পারেন, মেশিনটি বেশ কিছুদিন ধরেই অকেজো। আহতের এক নিকট আত্মীয়ের অভিযোগ, বিষয়টি চিকিৎসককে জানানো হলে তিনি বলেন যে, সিটিস্ক্যান করানো অত্যন্ত জরুরি এবং তা করাতে হলে আগরতলা যেতে হবে। ফলে গুরুতর আহত রোগীকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে স্থানান্তর করার চাপ তৈরি হয়। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তা ও অসহায়তার মধ্যে পড়েছেন। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজেই স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে রয়েছেন। তবুও জেলার একটি প্রধান হাসপাতালে এমন জরুরি পরিষেবা অচল থাকায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি ও পরিকাঠামো নিয়ে। স্থানীয় বাসিন্দাদের মতে, উত্তর জেলার একমাত্র বড় সরকারি হাসপাতাল হিসেবে ধর্মনগর জেলা হাসপাতালের উপর বিপুল সংখ্যক মানুষের নির্ভরতা রয়েছে। সেখানে সিটিস্ক্যানের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা অকেজো থাকলে দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতার ক্ষেত্রে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। দ্রুত মেশিন মেরামত ও পূর্ণাঙ্গ জরুরি পরিষেবা চালুর দাবি তুলেছেন আহতের আত্মীয়স্বজন সহ স্থানীয়রা।