রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ০৯ ফেব্রুয়ারি :- সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ দাবি আদায়ের লক্ষ্যে সোমবার আগরতলা রবীন্দ্র ভবনের সামনে এক বৃহৎ জমায়েত অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মরত সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি কার্যত এক প্রতিবাদী গণসমাবেশের রূপ নেয়। জমায়েতে উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, সাংবাদিক শানিত দেবরায় ও সাংবাদিক প্রণব সরকারসহ বহু বিশিষ্ট সাংবাদিক ও সংবাদকর্মী। এই কর্মসূচিতে সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বীকৃতি, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যবিমা, পেনশন ব্যবস্থা এবং সরকারি বিজ্ঞাপন নীতিতে স্বচ্ছতা ও ন্যায্যতার দাবি বিশেষভাবে তুলে ধরা হয়। বক্তারা বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করলেও তাঁদের ন্যূনতম পেশাগত অধিকার ও নিরাপত্তা আজও অনিশ্চিত। ক্রমবর্ধমান হুমকি, আইনি জটিলতা ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে সাংবাদিকতা চালিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে উঠছে।
বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করার প্রবণতা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। সাংবাদিকদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।” সাংবাদিক শানিত দেবরায় বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। অন্যদিকে সাংবাদিক প্রণব সরকার বলেন, সাংবাদিকদের দাবি কোনো ব্যক্তিগত সুবিধার জন্য নয়, বরং স্বাধীন ও নিরপেক্ষ সংবাদ পরিবেশ বজায় রাখার স্বার্থেই এই আন্দোলন। জমায়েতে অংশগ্রহণকারী সাংবাদিকরা দাবি করেন, দ্রুত তাঁদের দাবিগুলি বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দেন তাঁরা। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ এই জমায়েত শেষ হয় সাংবাদিক দের অধিকার রক্ষার শপথ গ্রহণের মধ্য দিয়ে।
সাংবাদিকদের ন্যায্য দাবি আদায়ে আগরতলায় বৃহৎ জমায়েত
