জাতি – জনজাতির মিলন মঞ্চে উৎসবের রঙ, ফটিকরায় শুরু ঐতিহ্যবাহী ‘মিলন মেলা–২০২৬’

যুব বিচিত্রা প্রতিনিধি, কুমারঘাট, ০৪ ফেব্রুয়ারি :- ত্রিপুরা রাজ্যের জাতি ও জনজাতি সম্প্রদায়ের পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে উদযাপন করতে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আজ গৌরবময় পরিবেশে শুভ সূচনা হলো চারদিনব্যাপী ঐতিহ্যবাহী “মিলন মেলা–২০২৬”-এর। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা মহোদয়ের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, জাতি–জনজাতির মিলন ও পারস্পরিক সৌহার্দ্যই ত্রিপুরার শক্তি। এই ধরনের মেলা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং আমাদের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী শ্রদ্ধেয় টিংকু রায়, মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য বিশিষ্ট জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠান আরও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে।চারদিন ব্যাপী এই মিলন মেলায় রাজ্যের বিভিন্ন জাতি ও জনজাতির ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত, লোকশিল্প, হস্তশিল্পের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে। মেলার মাধ্যমে একদিকে যেমন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বার্তা দেওয়া হচ্ছে, তেমনি অন্যদিকে সামাজিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ। উল্লেখ্য, প্রতিবছরের মতো এ বছরও বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগমে মিলন মেলা ফটিকরায় অঞ্চলে উৎসবের আবহ সৃষ্টি করেছে।