সংবাদ সংস্থা, ২৭ ডিসেম্বর :- ভারতে খুব শিগগিরই পরিষেবা শুরু করতে চলেছে ইলন মাস্কের স্যাটেলাইট-ইন্টারনেট সংস্থা স্টারলিংক। ইতিমধ্যেই ভারতে অফিস খোলা, রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা এবং নতুন নিয়োগের মাধ্যমে বাজারে নিজেদের প্রস্তুতি জোরদার করেছে সংস্থাটি। এখন শুধু চূড়ান্ত সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, স্টারলিংক ব্যবহার করতে এককালীন প্রায় ৩০,০০০ টাকা খরচ হতে পারে, যা সেট-আপের জন্য। এর পাশাপাশি মাসিক প্ল্যানের দাম ৩,০০০ থেকে ৬,০০০ টাকার মধ্যে হতে পারে। ইন্টারনেটের সম্ভাব্য গতি থাকবে ২৫ এমবিপিএস থেকে ২২৫ এমবিপিএস পর্যন্ত। বেসিক প্ল্যানে প্রায় ৩,৩০০ টাকায় ২৫ এমবিপিএস স্পিড পাওয়া যেতে পারে।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের প্রথম কোয়ার্টারের শেষ নাগাদ ভারতে স্টারলিংকের পরিষেবা চালু হতে পারে। ভারত সরকার ইতিমধ্যেই স্টারলিংককে দেশে সর্বোচ্চ ২ কোটি কানেকশন দেওয়ার অনুমতি দিয়েছে, যদিও এর মধ্যে কতগুলি বাণিজ্যিক ও কতগুলি ব্যক্তিগত – তা এখনও স্পষ্ট নয়।
স্টারলিংক মূলত প্রত্যন্ত ও কম পরিষেবাপ্রাপ্ত এলাকায় ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি। তাই গ্রাম ও দুর্গম অঞ্চলে এই পরিষেবার প্রভাব বেশি পড়বে। তবে শহরাঞ্চলে তুলনামূলকভাবে সস্তা ইন্টারনেটের কারণে, দামের দিক থেকে স্টারলিংককে কড়া প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে।

সব মিলিয়ে, ভারতের ডিজিটাল মানচিত্রে বড় পরিবর্তন আনতে চলেছে স্টারলিংকের স্যাটেলাইট-ইন্টারনেট।
