সংবাদ সংস্থা, ২৭ ডিসেম্বর :- ভারতের টেলিকম দুনিয়ায় বড় বদল। এবার থেকে অজানা নম্বর থেকে কল এলেও সরাসরি মোবাইলের স্ক্রিনে দেখা যাবে কলারের আসল নাম – আর তার জন্য ট্রুকলার (Truecaller) অ্যাপ রাখার দরকার হবে না। কেন্দ্রের নির্দেশে জিও, এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার মতো সংস্থাগুলি চালু করছে ‘কলার নেম প্রেজেন্টেশন’ (CNAP) পরিষেবা।
এই ব্যবস্থার লক্ষ্য একটাই – ভুয়ো কল ও সাইবার জালিয়াতি রোখা। নতুন নিয়মে, সিম কেনার সময় যে পরিচয়পত্রে (আধার/ভোটার আইডি) নাম দেওয়া হয়েছিল, কল এলে ঠিক সেই নামই ভেসে উঠবে। ফলে ট্রুকলারের মতো অ্যাপে নাম বদলে প্রতারণার সুযোগ আর থাকবে না।
ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে ধাপে ধাপে পরিষেবা চালু হয়েছে।
- জিও :-
হরিয়ানা, পশ্চিমবঙ্গ, রাজস্থান, কেরালা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা
- এয়ারটেল :-
জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ
- ভিআই :-
মহারাষ্ট্র ও তামিলনাড়ুর কিছু অংশ
- বিএসএনএল :-
পশ্চিমবঙ্গে ট্রায়াল চলছে
এই ফিচারটি গ্রাহকদের জন্য ডিফল্টভাবে চালু থাকবে। কেউ চাইলে সেটিংস থেকে নাম দেখানো বন্ধ করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, এতে স্প্যাম ও টেলিমার্কেটিং কল শনাক্ত করা অনেক সহজ হবে – বিশেষ করে প্রবীণ ও কম – প্রযুক্তি – অভ্যস্ত ব্যবহারকারীদের জন্য।
সব মিলিয়ে, ট্রুকলার ছাড়াই এবার ফোনে কলারের পরিচয় – ডিজিটাল নিরাপত্তার পথে এক বড় পদক্ষেপ।
