সংবাদ সংস্থা, ২৭ ডিসেম্বর :- সাইবার জালিয়াতি ও অনলাইন হয়রানি রুখতে বড়সড় পদক্ষেপের পথে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, হোয়াটসঅ্যাপে নিষিদ্ধ বা ব্লক হওয়া ব্যবহারকারীরা আর অন্য কোনও সোশ্যাল মিডিয়া বা মেসেজিং অ্যাপেও সক্রিয় থাকতে পারবেন না। অর্থাৎ, এক অ্যাপ থেকে ব্লক হয়ে অন্য অ্যাপে গিয়ে প্রতারণার রাস্তা এবার বন্ধ হতে চলেছে।
বর্তমানে প্রতি মাসে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট ব্লক করে হোয়াটসঅ্যাপ – যার মধ্যে থাকে স্ক্যামার ও নীতিভঙ্গকারীরা। তবে অভিযোগ ছিল, হোয়াটসঅ্যাপ থেকে নিষিদ্ধ হলেও তারা টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট বা অন্য প্ল্যাটফর্মে গিয়ে আবার প্রতারণা শুরু করে। সেই ফাঁক বন্ধ করতেই এই নতুন পরিকল্পনা।
নতুন নিয়ম কার্যকর হলে, হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ নম্বরগুলোর তথ্য সরকারের সঙ্গে শেয়ার করবে, যাতে সেগুলোকে অন্য ডিজিটাল প্ল্যাটফর্মেও ব্লক করা যায়। পাশাপাশি প্রতারণা ঠেকাতে বাধ্যতামূলক করা হচ্ছে ‘সিম বাইন্ডিং’ – অর্থাৎ সক্রিয় সিম কার্ড ছাড়া হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা অনুরূপ অ্যাপ ব্যবহার করা যাবে না।
বিশেষজ্ঞদের মতে, এতে স্ক্যামারদের শনাক্ত করা সহজ হবে এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জবাবদিহিতাও বাড়বে। সব মিলিয়ে, হোয়াটসঅ্যাপে ব্লক হলে এবার সত্যিই আর পালানোর কোনও রাস্তা থাকছে না।
