সংবাদ সংস্থা, ২৬ ডিসেম্বর :- ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অশান্তির আবহ। হিন্দু পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা ব্লাসফেমির অভিযোগে গণপিটুনিতে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা জানালেন ভারতের একাধিক জনপ্রিয় তারকা। ঘটনাটি ভারত – বাংলাদেশ কূটনীতিতেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তদন্তে জানা গেছে, দীপু দাসের বিরুদ্ধে অভিযোগ ছিল সম্পূর্ণ ভিত্তিহীন, ঘটনায় সাতজন গ্রেফতার হয়েছে। এর মধ্যেই রাজবাড়ীর পাংশায় আরেক হিন্দু যুবক অমৃত মণ্ডলের মৃত্যুর খবর উদ্বেগ বাড়িয়েছে। ইনস্টাগ্রামে জাহ্নবী কাপুর লিখেছেন, চোখের সামনে ঘটে যাওয়া এই বর্বরতার বিরুদ্ধে প্রশ্ন তোলাই দায়িত্ব – নইলে ভণ্ডামিই আমাদের গ্রাস করবে।
কাজল আগরওয়াল ‘All eyes on Bangladesh Hindus’ পোস্ট শেয়ার করে নীরবতার বিপদ তুলে ধরেন। জয়া প্রদা আবেগঘন বার্তায় একে মানবতার ওপর আঘাত বলে অভিহিত করে জবাবদিহি চান।
প্রবীণ অভিনেতা মনোজ যোশী বৈষম্যের অভিযোগ তুলে বলেন, বিশ্বে অন্যত্র ঘটলে প্রতিবাদ হয়, কিন্তু বাংলাদেশে হিন্দুদের মৃত্যুতে নীরবতা কেন? গায়ক টনি কক্কর তাঁর গানে ধর্মের নামে সহিংসতার প্রশ্ন তুলেছেন। তারকাদের এককণ্ঠ বার্তা – হিংসার বিরুদ্ধে নীরবতা নয়, মানবতা ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থানই সময়ের।
