সংবাদ সংস্থা, ৭ ডিসেম্বর :- সপ্তাহ জুড়ে নানা জল্পনা – কল্পনার অবসান ঘটল অবশেষে। ভারতীয় মহিলা ক্রিকেটের তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা এবং বলিউডের সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়ে শেষমেশ বাতিল হল। ইনস্টাগ্রামে লম্বা বিবৃতি দিয়ে নিজেই জানালেন স্মৃতি – বিয়ের আয়োজন কলড অফ।
বিয়ে ভেঙে যাওয়ার নেপথ্যে…
২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতি – পলাশের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সেই দিনই আচমকাই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, এবং স্বাভাবিকভাবেই স্থগিত হয় বিয়ের অনুষ্ঠান।
এদিকে, আরও এক বিপাকে পড়েন পলাশ। তাঁর এক মহিলার সঙ্গে চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়ে পড়ে নেটদুনিয়ায়, এবং শুরু হয় পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। প্রবল মানসিক চাপের জেরে অসুস্থ হয়ে তাঁকেও হাসপাতালে ভর্তি হতে হয়। পলাশের মা জানান, তাঁকে আইভি সাপোর্ট পর্যন্ত দিতে হয়েছিল।
এরই মাঝে নতুন করে গুঞ্জন ছড়ায় – ৭ ডিসেম্বর নাকি বিয়ে হচ্ছে। সব জল্পনার ইতি টানতে এবার মুখ খুললেন দু’জনেই।
ইনস্টা পোস্টে স্মৃতির আবেগঘন বার্তা :-
স্মৃতি লেখেন – “গত কয়েক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চলছে। আমি খুব ব্যক্তিগত মানুষ, তবু জানানো দরকার – আমাদের বিয়ে বাতিল হয়েছে। এখানেই এই আলোচনা শেষ হোক। দু’টি পরিবারের গোপনীয়তা রক্ষা করুন। আমি দেশের হয়ে খেলার দিকেই মনোযোগ দিতে চাই এবং ভারতকে আরও ট্রফি এনে দিতে চাই। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। এখন এগিয়ে যাওয়ার সময়।”
পালটা বিবৃতিতে পলাশের দুঃখ ও সতর্কবার্তা :-
পলাশও দীর্ঘ পোস্টে জানান – “আমি ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে এসে জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার জীবনের সবচেয়ে পবিত্র সম্পর্ককে ঘিরে যেভাবে ভিত্তিহীন গুজব ছড়ানো হল, তা অত্যন্ত কষ্টদায়ক। সমাজ হিসেবে আমাদের উচিত – যাচাই না করে বিচার না করা। মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে আমার টিম আইনি ব্যবস্থা নেবে।”
স্বপ্নের সম্পর্কের দ্রুত ফিকে হয়ে যাওয়া রঙ :-
বিশ্বকাপ জয়ীর আনন্দে স্মৃতির জীবনে এসেছিল নতুন উচ্ছ্বাস – মাঠেই হাঁটু গেড়ে পলাশের প্রপোজ, হলদির রঙে দু’জনের হাসিখুশি মুহূর্ত… সবই খুব তাড়াতাড়ি ম্লান হয়ে গেল। রাতারাতি বদলে গেল স্মৃতি – পলাশের জীবন, আর সেই গল্পই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
