ভয়ংকর ঘূর্ণিঝড়ের দাপটে মর্মান্তিক মৃত্যু ৩৩৪ জনের, শ’য়ে শ’য়ে নিখোঁজ! ঝড়, না রক্তখেকো রাক্ষস ?

সংবাদ সংস্থা, ০২ ডিসেম্বর :- ঘূর্ণিঝড় ‘দিতোয়া’র ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের জেরে শ্রীলঙ্কায় কমপক্ষে ৩৩৪ জনের মৃত্যু হয়েছে, ৩৭০ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। ভয়ংকর অবস্থা।

চলে গিয়েছে, কিন্তু রয়ে গিয়েছে দগদগে ঘা! ‘দিতোয়া’র (Cyclone Ditwah) ঘা। মৃত্যুর কোনও হিসেব নেই, নিখোঁজের কোনও হিসেব নেই। প্রসঙ্গত, ভারত এই ভয়াবহ দুর্যোগের মোকাবিলায় শ্রীলঙ্কাকে সহায়তা করার জন্য একটি বড় ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করেছে। যার নাম দেওয়া হয়েছে- ‘অপারেশন সাগর বন্ধু’ (Operation Sagar Bandhu)

ঘূর্ণিঝড় ‘দিতোয়া’ এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে শ্রীলঙ্কায় কমপক্ষে ৩৩৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৩৭০ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে।

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, সারা দেশে প্রায় ১১ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা ক্যান্ডি। এই জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যেখানে ৮৮ জন মারা গিয়েছেন এবং ১৫০ জন নিখোঁজ হয়েছেন। অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে বাদুল্লা (যেখানে ৭১ জন মৃত), নুয়ারা এলিয়া (৬৮ জন মৃত), এবং মাতলে (২৩ জন মৃত)।

পাশে ভারত:

ভারত তার প্রতিবেশী দেশকে সাহায্য করার জন্য ‘অপারেশন সাগর বন্ধু’ নামে একটি বড় ত্রাণ মিশন শুরু করেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিশ্চিত করেছেন যে, ভারতীয় বিমান বাহিনীর (IAF) আরও বিমান জরুরি সরবরাহ নিয়ে কলম্বো পৌঁছেছে। এই অপারেশনের অধীনে, একটি C-17 বিমান এনডিআরএফ (NDRF) দল এবং সরঞ্জাম নিয়ে পুনে থেকে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে। ভারত এ পর্যন্ত ২১ টন ত্রাণ সামগ্রী, ৮০ জনেরও বেশি এনডিআরএফ সদস্য এবং প্রায় ৮ টন সরঞ্জাম উদ্ধার ও বন্যা ত্রাণ প্রচেষ্টায় সহায়তার জন্য পাঠিয়েছে। ভারতীয় বিমান বাহিনী শ্রীলঙ্কায় আটকে পড়া ৩০০ জনেরও বেশি ভারতীয় নাগরিককে উদ্ধার করে ফিরিয়ে এনেছে।