গিল-গৌতিদের ‘অনুরোধের’ আসরেই ইডেনের পিচ! এবার উড়িয়ে খেলেই সৌরভ বিসিসিআইয়ের……

ক্রীড়া সংবাদ, ১৯ নভেম্বর :- ইডেনের পিচ ছিল ‘অনুরোধের আসর’! উড়িয়ে খেলেই একেবারে বোর্ডের কোর্টে বল পাঠালেন মহারাজ। সৌরভ-সুজন জানিয়ে দিলেন যে, গম্ভীর-গিলরা যা চেয়েছিলেন, তাই পেয়েছিলেন:

ভারত-দক্ষিণ আফ্রিকা ইডেন টেস্ট (India vs South Africa Eden Gardens Test) পাঁচদিনের বদলে, স্রেফ আড়াই দিনে শেষ হয়েছে। ভারতের মুখের গ্রাস ছিনিয়ে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নরা ৩০ রানে কলকাতায় জয়ধ্বজা উড়িয়েছে। শুভমন গিলরা (Shubman Gill) ১২৪ রান তাড়া করতে গিয়ে ৯৩ রানেই গুটিয়ে গিয়েছিল টেম্বা বাভুমাদের (Temba Bavuma) সামনে। দু’ম্যাচের সিরিজে ভারত ১-০ পিছিয়ে। ইডেন টেস্ট শেষ হলেও বিগত তিন দিন, সেই ইডেনের পিচ নিয়েই রীতিমতো পোস্টমর্টেম চলছে বাইশ গজে। এবার যা বলার সাফ বলে দিলেন অধুনা সিএবি প্রেসিডেন্ট (CAB President) ও প্রাক্তন বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

পাক্কা ৬ বছর পর বঙ্গজ ক্রিকেটের মসনদে ফিরেছেন মহারাজ। দায়িত্ব পাওয়ার পরেই ভারত-দক্ষিণ আফ্রিকা ইডেন টেস্ট ছিল তাঁর প্রথম বড় পরীক্ষা। তবে সৌরভ এবার উড়িয়ে খেলেই পিচ ‘কাজিয়া’ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখলেন। উড়িয়ে খেলেই বোর্ডের কোর্টে বল পাঠালেন সৌরভ। ইডেনর পিচ এবার প্রথম ওভার থেকেই অনিয়মিত আচরণ করেছে। টার্ন এবং অসম বাউন্স মিশেছিল। ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর জোর দিয়ে বলেছিলেন যে, পিচে কোনও ‘জুজু’ ছিল না। তিনি সরাসরি ব্যাটারদের উপরেই দোষ চাপিয়ে জানিয়ে ছিলেন যে, তিনি তাঁদের কাছ থেকে আরও ভালো ফল আশা করেছিলেন।

এক সর্বভারতীয় মিডিয়ায় সৌরভ ইডেনের পিচের বিষয়ে বলেন, ‘না, না, আমি এসবে জড়াতে চাই না। টেস্টের চার দিন আগে বিসিসিআইয়ের কিউরেটররা এসে পিচের দায়িত্ব নিয়েছে। আমাদের নিজস্ব কিউরেটরও (সুজন মুখোপাধ্যায়) আছেন। যিনি দীর্ঘদিন ধরেই অসাধারণ ভালো কাজ করছেন। অনুরোধ করা হয়েছিল এবং সেই অনুরোধ রাখা হয়েছে। এটাই বলার। ইডেনের সর্বশ্রেষ্ঠ পিচ মোটেই ছিল না। এটা আমাকে পুরোপুরি স্বীকার করতেই হবে। আমি মনে করি টপ-অর্ডার এবং মিডল-অর্ডারের ব্যাটাররা আরও ভালো ক্রিকেট পিচের দাবিদার। ইডেন গার্ডেন্সে তিন দিন হাউজফুল ছিল। আমি পুরোপুরি বিশ্বাস করি যে, গৌতম গম্ভীর এবং তাঁর টিম ইন্ডিয়া ইডেনে যে পিচে খেলেছে তার চেয়ে আরও অনেক ভালো উইকেটেই পাবে।’

পিচ বিতর্কে কিউরেটর সুজন বললেন, ‘কখনও কখনও এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। আমরা দল, কোচ এবং অধিনায়কের অনুরোধ রাখার চেষ্টা করি। এবং আমরা এটাই করি আর এটাই হয়। এবং আপনি খেলার পরে গৌতম গম্ভীরকে বলতে শুনেছেন যে, তিনি এই ধরনেরই পিচ চেয়েছিলেন এবং তাঁকে এই ধরনেরই পিচ দেওয়া হয়েছিল।অধিনায়ক এবং কোচের অনুরোধ রাখা হয়েছে।’ বোঝাই যাচ্ছে যে, একেবারে বিসিসিআই-এর ইচ্ছাতেই ইডেনে সিএবি পিচ বানিয়েছিল। সৌরভ-সুজন জলের মতো বুঝিয়ে দিলেন।