সংবাদ সংস্থা, ১৮ নভেম্বর :- ফের বিমান দুর্ঘটনা। ল্যান্ড করার সময়ই দাউদাউ করে জ্বলে উঠল গোটা বিমান। সেই সময় বিমানে ছিলেন কঙ্গোর খনি মন্ত্রী-সহ মোট ২০ জন যাত্রী। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, দৌড়াতে শুরু করেন বিমানবন্দরের কর্মীরা। সোমবার সকাল ১১টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে কঙ্গোর কোলোওয়াজি বিমানবন্দরে।
চার্টার্ড বিমানটি নামার সময় গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। রানওয়েতে পিছলে গিয়ে পেটের উপর ভর করে দ্রুতগতিতে রানওয়ের প্রান্তের দিকে এগোতে থাকে। প্রবল ঘর্ষণের ফলে মুহূর্তেই আগুন ধরে যায় বিমানে। কেবিন ভরে যায় কালো ধোঁয়ায়। তবুও আশ্চর্যের বিষয় – ধোঁয়া আর আগুনের মধ্যেই একে একে বেরিয়ে প্রাণ বাঁচান সব যাত্রী। মন্ত্রী-সহ কেউই গুরুতর আহত হননি।
জানা গেছে, কঙ্গোর খনি মন্ত্রী ও তাঁর সঙ্গীরা লুলাবা প্রদেশের একটি খনি দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছিলেন। কয়েক দিন আগে সেখানে দুর্ঘটনায় মৃত্যু হয় ৩২ জনের। সেই ক্ষয়ক্ষতির বিবরণ নিতে যাওয়ার পথেই ঘটে বিমান দুর্ঘটনা। ভিডিওতে দেখা যায়, বিমানটি অ্যাঙ্গোলার এয়ারজেট সংস্থার।
মন্ত্রী জানিয়েছেন, “স্থানীয়দের সঙ্গে কথা বলার কথা ছিল। কিন্তু নামতেই দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যবশত, আমরা সবাই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছি।”
