ছত্তীশগড় বিলাসপুরে আকস্মিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ৯জনের, আহত অনেক!

সুজন চক্রবর্তী, ছত্তিশগড়, ০৫ নভেম্বর :- যাত্রীবাহী ট্রেন এবং মালগাড়ির সংঘর্ষ। মঙ্গলবার বিকেলে ভারতের ছত্তীশগড়ের বিলাসপুরে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা। এদিন বিকাল ৪ টা ৩০ মিনিটে গেবরা রোড এবং বিলাসপুরের মাঝে লালখাদানের কাছে দুর্ঘটনাটি সংগঠিত হয়। স্থানীয়রা জানিয়েছেন, লাইনে একটি মালগাড়ি দাঁড়ানো ছিল। সেই সময় যাত্রীবাহী ওই ট্রেনটি একই লাইনে চলে আসে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মুখোমুখি মালগাড়িটিকে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে মালগাড়ির উপরে উঠে যায় যাত্রীবাহী ট্রেনটির একাংশ। দুমড়ে মুচড়ে যায় ট্রেনের প্রথম কামরাটি। বিলাসপুরের পুলিশ সুপার রজনীশ সিংহ জানিয়েছেন, ঘটনায় অন্তত ৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিক ও কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। তবে ঠিক কীভাবে ওই দুর্ঘটনা ঘটলো, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। ঘনঘন রেল দূর্ঘটনা যাত্রীদের মনোবল ভেঙে দিচ্ছে।হতাশ রেল চলাচলে অধিকাংশ যাত্রীই।