সংবাদ সংস্থা, ২৮ অক্টোবর :- ভয়ংকর! মর্মান্তিক! কৌরভ পরিবারের পাঁচ সদস্য লাঠি দিয়ে জাটভের উপর হামলা চালায়। তিনি গুরুতর আহত হন। হস্তক্ষেপ করার চেষ্টা করা এক বৃদ্ধও এই আক্রমণে আহত হন। জাটভকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি!
ভারত কি একই জায়গায় দাঁড়িয়ে? আজও, এই একুশ শতকে এদেশে অত্যাচারিত হবেন দলিতেরা? মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভিন্ড জেলার ঘটনা তো তেমনই বলছে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে ৩৫ বছর বয়সী এক দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যার (dalit man beaten to death) অভিযোগ উঠেছে সেখানে। ঘটনার পরে গ্রামে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন এলাকায় পুলিস মোতায়েন করেছে। দলিত পদদলিত:
দলিত ওই ব্যক্তির মৃত্যুর পর গ্রামে উত্তেজনা দেখা দিয়েছে। নিহত ব্যক্তির আত্মীয়স্বজন-সহ অন্যান্য স্থানীয় বাসিন্দা অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজনের বাড়িতে ভাঙচুর চালিয়েছে এবং আগুন ধরিয়ে দিয়েছে। স্থানীয় পুলিসের এক কর্মকর্তা জানান, গত শনিবার সন্ধ্যায় জেলা সদর দফতর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে ডাবোহ থানার আওতাধীন একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিসের মতে, নিহত ব্যক্তি রুদ্র প্রতাপ সিং জাটভের প্রতিবেশী এক পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের বিবাদ চলছিল।
বিবাদ থেকে মৃত্যু :-
ডাবোহ থানার কর্মকর্তা রাজেশ শর্মা বলেন, শনিবার এই বিবাদ মারাত্মক আকার ধারণ করেছে। ঝগড়া-বিবাদের মাঝে কৌরভ পরিবারের পাঁচ সদস্য লাঠি দিয়ে জাটভের উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। হস্তক্ষেপ করার চেষ্টা করা এক বৃদ্ধও এই আক্রমণে আহত হন। পুলিস জানায়, জাটভকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গোয়ালিয়রে পাঠানো হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।
উত্তেজনা, আগুন :-
জাটভের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়তেই উত্তেজনা দেখা দেয়। তাঁর আত্মীয়স্বজন এবং অন্যান্য গ্রামবাসী অভিযুক্ত ব্যক্তিদের একজনের বাড়িতে ভাঙচুর চালায় এবং একটি গাড়ি ও একটি মোটরবাইক-সহ ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভিন্ডের পুলিশ সুপার (এসপি) অসিত যাদব এবং তাঁর ডেপুটি সঞ্জীব পাঠক বিপুলসংখ্যক পুলিস নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পরিস্থিতি শান্ত করতে আশেপাশের থানা থেকেও অতিরিক্ত পুলিস ডাকা হয়।
পদক্ষেপ :-
এসপি যাদব বলেন, জাটভকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত রণবীর কৌরভ, আশু কৌরভ, প্রহ্লাদ কৌরভ, রাজীব কৌরভ এবং কুঁয়র সিং কৌরভের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। তাদের ধরতে তল্লাশি শুরু হয়েছে। এদিকে গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিস সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
