ধর্মনগরে জেলা স্তরের লোকনৃত্য প্রতিযোগিতা সম্পন্ন সাড়ম্বরে

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১৮ অক্টোবর :- উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে আজ অনুষ্ঠিত হয় জেলা স্তরের রোল প্লে ও লোকনৃত্য প্রতিযোগিতা।

জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপার্সন মিতালী রাণী দাশ সেন, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, এবং অন্যান্য গণ্যমান্য অতিথিরা।

দিনব্যাপী এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তাদের প্রতিভা প্রদর্শন করে।

উৎসবমুখর পরিবেশে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ও সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের সকল কর্মকর্তা গণ।