গোকুলামকে ৫ গোলের মালা পরিয়ে শিল্ড শুরু, বিতর্কে বিদ্ধ বাগান মাঠেই জবাব দিলো

সংবাদ সংস্থা, ০৯ অক্টোবর :- আলবার্তো – ম্যাকলারেনদের জোড়া গোলে মোহনবাগান উড়িয়ে দিল গোকুলামকে। প্রতিপক্ষকে ৫ গোলের মালা পরিয়ে ফিরল চেনা মোহনবাগান…..

মোহনবাগান :- ৫ (আলবার্তো ২, ম্যাকলারেন ২, রবসন ১)
গোকুলাম :- ১ (আপুইয়া আত্মঘাতী)

উল্লেখ্য, ইস্টবেঙ্গলের (East Bengal) পর কলকাতার আরেক প্রধান মোহনবাগানও (Mohun Bagan) বিরাট জয় ১৩৫তম আইএফএ শিল্ড (IFA Shield 2025) শুরু করল। ৯ অক্টোবর কল্যাণীতে মশালবাহিনী ৪-০ গোলের মালা পরিয়েছিল শ্রীনিধি ডেকানকে (East Bengal vs Sreenidi Deccan)। আর বৃহস্পতিবার, আই লিগের দল গোকুলাম কেরালা এফসি – কে ৫-১ গোলে উড়িয়ে দিলেন হোসে মোলিনার টিম (Mohun Bagan vs Gokulam Kerala)। বিতর্কের আবহে মোহনবাগান

এদিন কিশোরভারতীতে গোকুলামের বিরুদ্ধে নামার আগে মোহনবাগানকে নিয়ে রীতিমতো বিতর্কের আবহ তৈরি হয়েছিল। বেশ কিছুদিন ধরেই বাগান সমর্থকরা ক্ষোভে ফুঁসছিলেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ খেলতে না যাওয়া নিয়ে ঝড় উঠে গিয়েছিল। দেশের লিগ খেলতে হবে, এই মর্মে পোস্টারও পড়েছিল ক্লাবের গেটে। এমনকী সম্প্রতি সবুজ-মেরুন সমর্থকদের সঙ্গে প্রকাশ্যে ঝামেলাও হয়েছে দলের ‘দিমি গড’ দিমিত্রে পেত্রাতোসের। কিন্তু মাঠের বাইরের বিতর্ককে মাঠে প্রভাব পড়তে দিল না ‘ফাইভস্টার’ ভারতসেরা দল। আর এই জয় অনেকটাই আত্মবিশ্বাস বেড়ে গেল মোহনবাগান ফুটবলারদের।

আবারও মোলিনা প্রমাণ করে দিলেন যে, মোহনবাগান আদৌ ভাবিত নয়, দলে কে আছে আর কে নেই! জাতীয় শিবিরে থাকায় লিস্টন কোলাসো, দীপক টাংরি, সাহাল আব্দুল সামাদদের পাননি মোলিনা। ছিল না সুহেল ভাট এবং দীপেন্দু বিশ্বাসেরাও। তবুও মোহনবাগানকে রুখতে পারল না গোকুলাম। শুরু থেকেই আগ্রাসী ফুটবলের মন্ত্রে দিক্ষীত ছিলেন কিয়ান – মনবীর-রবসন – ম্যাকলারেনরা। ১১ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় মোহনবাগান। আলবার্তো রদ্রিগেজ়ের এগিয়ে দেন দলকে। ২৭ মিনিটে জেমি ম্যাকলারেন ব্যবধান দ্বিগুণ করেন। বিরতিতে ২-০ এগিয়ে মাঠ ছাড়ে মোহনবাগান।

বিরতির পরেই যদিও মোহনবাগান বড় ভুল করে বসে। আপুইয়া আত্মঘাতী গোল উপহার দেন গোকুলামকে। কিন্তু এরপর আর কোনও ভুলই করেনি মোলিনার ছেলেরা। গোল খেয়ে আক্রমণের রেগুলেটর বাড়িয়ে দেন ম্যাকলারেনরা। ৫১ মিনিটে ফের গোল করে স্কোরলাইন ২-১ করেন আলবার্তো। এই গোলের রেশ কাটার মিনিট তিনেকের ভিতরেই গোল করে ব্যবধান ৪-১ করেন এই মরসুমে মোহনবাগানে আসা ব্রাজিলীয় রবসন। ৭৫ মিনিটে গোকুলামের কফিনে শেষ পেরেক পুঁতে দেন সেই ম্যাকলারেন। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। শিল্ডে মোহনবাগানের পরের ম্যাচ আগামী ১৫ অক্টোবর ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া দল রীতিমতো চাপে ছিল। তবে লেটার মার্কস নিয়েই পাশ করলেন মোলিনা।