আটে শেষ করে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বিদায়, ৭ বছরে এই প্রথমবার পদকহীন নীরজ চোপড়া!

সংবাদ সংস্থা, ১৯ সেপ্টেম্বর :- নীরজ চোপড়া যা করলেন, তা তাঁর কেরিয়ারের বিরলতম দিন! এমন হতাশ কখনও দেখায়নি নীরজকে! গতবারের চ্যাম্পিয়ন শেষ করলেন আটে!

নীরজ চোপড়া (Neeraj Chopra) অলিম্পিক্স সোনা-রুপো না পেলে হয়তো, বহু দেশই জানতেই পারত না যে ভারতেও জ্যাভলিন থ্রোয়াররা আছেন। কিংবদন্তি নীরজের ঐতিহাসিক কৃতিত্বের পরেই এই দেশে জ্যাভলিন বিপ্লব হয়েছে। নীরজের ধারাবাহিক বর্শামঙ্গলে আচমকাই অপ্রত্যাশিত ছন্দপতন। গতবারের চ্যাম্পিয়ন নীরজের বৃহস্পতিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল! নিয়তির কী অদ্ভুত ফের!

টোকিয়োর অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় মিটে হতাশাজনক আটে শেষ করে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিলেন নীরজ। নিয়তির কী অদ্ভুত ফের। ঠিক যে ভেন্যুতে, চার বছর আগে ঐতিহাসিক অলিম্পিক্স সোনা জিতে বীরের মতো বেরিয়ে ছিলেন নীরজ। ঠিক সেখান থেকেই আজকে মাথা নীচু করে বেরিয়ে এলেন তিনি। নীরজের সেরা থ্রো ছিল ৮৪.০২ মিটার! যা তাঁর ব্যক্তিগত সেরা ৯০.২৩ মিটারের থেকে অনেকটাই কম। তারকা থ্রোয়ারকে দৃশ্যত হতাশই দেখাচ্ছিল এদিন। ফাইনালের পঞ্চম রাউন্ডে ছিটকে যাওয়ার পর হতাশায় তীব্র আর্তনাদ করেছিলেন নীরজ। বিরল এবং বিরাট ধাক্কা!

এই রেজাল্ট নীরজের বর্ণময় কেরিয়ারে এক বিরল এবং বিরাট ধাক্কা হিসেবে চিহ্নিত হয়ে থাকছে। বিগত সাত বছরের এই প্রথমবারের মতো নীরজ কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিততে ব্যর্থ হলেন। বিগত চার বছরে নীরজ যে সমস্ত বড় ইভেন্টে অংশ নিয়েছিলেন, সেখানেই তিনি প্রথম দুয়ে শেষ করেছেন। সেই নিয়মমাফিক পদক জেতার রুটিনও ভাঙল!

সচিন যাদব

তবে এদিন চমকে দিয়েও অল্পের জন্য পদক হাতছাড়া করলেন ভারতের আরেক জ্যাভলিন থ্রোয়ার সচিন যাদব। ৪০ মিটার কম দূরত্বে বর্শা ছোড়ায় চার নম্বরে শেষ করতে হল তাঁকে।

ভারত – পাকিস্তান

পাকিস্তানের অলিম্পিক্স চ্যাম্পিয়ন আরশাদ নাদিমেরও টোকিয়োতে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন। শুরুতেই এদিন হেরে যান এবং ধারাবাহিক ভাবে হতাশাজনক থ্রো করে দশে শেষ করেন, পুরুষদের জ্যাভলিনে বিপর্যয়ে ভরা রাতের নাটকীয়তাকে যা আরও বাড়িয়ে তুলেছিল। বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিনে এবার শূন্য হাতেই ফিরছে ভারত – পাকিস্তান দু’দেশই!