যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর :- উত্তর ত্রিপুরার কদমতলা – কুর্তি বিধানসভা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের জরাজীর্ণ অবস্থার কারণে দুর্ঘটনার আশঙ্কা ক্রমশঃ বেড়েই চলছে। আর এই পরিস্থিতি মোকাবিলায় সড়ক সংস্কারের দাবিতে উদ্যোগ নিলেন এলাকার বিধায়ক ইসলাম উদ্দিন। এদিন তিনি উত্তর জেলার ধর্মনগর PWD বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক অবিলম্বে সংস্কারের দাবি জানান। চিঠিতে উল্লেখ করা হয়েছে, HSCL এবং PMGY প্রকল্পে নির্মিত বহু রাস্তা বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে গ্রামবাসীদের দৈনন্দিন যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।সংস্কারের জন্য যেসব সড়কের নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যে রয়েছে – ১) কদমতলা থেকে রানীবাড়ী পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা। ২) কদমতলা রানীবাড়ী থেকে ব্রজেন্দ্রনগর বাজার পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা। ৩) কদমতলা পঞ্চায়েত অফিস থেকে জুমটিলা ভায়া বাঘন হাইস্কুল পর্যন্ত ৫ কি:মি: রাস্তা। ৪) কুর্তি PWD থেকে ইছনমিয়ার নালা পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা। ৫) কুর্তি বাজার থেকে কদমতলা তারকপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা।৬) কদমতলা তারকপুর PWD থেকে উত্তর তারকপুর তালনদী পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা।বিধায়ক ইসলাম উদ্দিন আশা প্রকাশ করেছেন, সাধারণ মানুষের স্বার্থে প্রশাসন দ্রুত সড়ক গুলোর সংস্কারের উদ্যোগ নেবে। এদিনের আবেদন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কদমতলা অঞ্চল কমিটির সম্পাদক কমরেড অনিমেষ নাথ ও পার্টি অঞ্চল কমিটির সদস্য আইনজীবী পার্থ প্রতীম নাথ।
কদমতলা কুর্তি বিধানসভার সড়ক সংস্কারের দাবি তুললেন বিধায়ক ইসলাম উদ্দিন
