চৈত্র সেলে ধর্মনগরে “আগমনি” বৈশাখী হাট, কেনাকাটায় উৎসবের ছোঁয়া

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ৩১ মার্চ :- চৈত্র সেলের আমেজে উৎসবের আবহ নিয়ে ধর্মনগরে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত “আগমনি” বৈশাখী হাট কাম সেল এক্সিবিশন’। এবছর এই জনপ্রিয় উদ্যোগ চতুর্থ বছরে পদার্পণ করায় স্বাভাবিক ভাবেই উৎসাহ বেড়েছে ব্যবসায়ী থেকে সাধারণ ক্রেতা – সবার মধ্যেই। আগামী ৩, ৪ ও ৫ এপ্রিল – এই তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য এক্সিবিশন অনুষ্ঠিত হবে ধর্মনগর পাবলিক লাইব্রেরি সংলগ্ন অঞ্জলি বিবাহ ভবনে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলার দরজা, ফলে দিনের যেকোনো সময়েই ক্রেতারা এসে উপভোগ করতে পারবেন কেনাকাটার আনন্দ। এবছর এই এক্সিবিশনে থাকবে প্রায় ২০ টি স্টল। বৈশাখের আগমনী সুরে সেজে উঠবে পুরো প্রাঙ্গণ। একদিকে থাকবে রকমারি ফুড স্টল – যেখানে মিলবে মুখরোচক নানা স্বাদের খাবার, অন্যদিকে সাজানো থাকবে মহিলাদের জন্য আকর্ষণীয় পোশাক, ট্রেন্ডি জুয়েলারি ও নান্দনিক সাজসজ্জার সামগ্রী সহ বিভিন্ন ফুলের চারাগাছ। এই বছরের অন্যতম বড় আকর্ষণ প্রতিটি কেনাকাটায় বিশেষ ছাড় বা ডিসকাউন্ট, যা ক্রেতাদের কাছে বাড়তি সুবিধা এনে দেবে। ফলে উৎসবের আনন্দের সঙ্গে সাশ্রয়ী কেনাকাটার সুযোগও হাতছাড়া করতে চাইবেন না কেউই। আয়োজকদের মতে, “আগমনি” আয়োজিত বৈশাখী হাট’ শুধু একটি কেনাকাটার মেলাই নয় – এটি স্থানীয় ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তাঁরা তাঁদের পণ্য বৃহত্তর মানুষের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য একই ছাদের নিচে হয়ে উঠবে উৎসবমুখর কেনাকাটার এক মিলনমেলা। সব মিলিয়ে, ধর্মনগরের এই তিন দিনের বৈশাখী হাটে জমে উঠবে কেনাকাটা, আড্ডা আর উৎসবের রঙিন মেলবন্ধন।