রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২৩ ফেব্রুয়ারি :- পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়ে রবিবার ধর্মনগরের মহেশ স্মৃতি রোড এলাকায় এক যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় ধর্মনগর মহকুমা প্রশাসন, ধর্মনগর পৌর পরিষদ, ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, লিগ্যাল মেট্রোলজি দপ্তর এবং ধর্মনগর থানার পুলিশ। যৌথ অভিযান চলাকালীন একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে প্রায় ১৩ কেজি সিঙ্গেল-ইউজ প্লাস্টিক সামগ্রী জব্দ করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ও অন্যান্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী মজুত ও ব্যবহার করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে মোট ২,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ দূষণ রোধে এবং প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব কমাতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে। ব্যবসায়ীদের পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানিয়ে সতর্ক করা হয়েছে যে, নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার অব্যাহত থাকলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এ ধরনের অভিযান অত্যন্ত প্রয়োজনীয়। উল্লেখ্য, কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী সিঙ্গেল – ইউজ প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সেই নির্দেশ কার্যকর করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলির যৌথ তৎপরতা অব্যাহত রয়েছে।
ধর্মনগরে যৌথ অভিযানে ১৩ কেজি সিঙ্গেল – ইউজ প্লাস্টিক জব্দ, জরিমানা ২ হাজার টাকা
