যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ১৪ অক্টোবর :- গত ১১ অক্টোবর সন্ধ্যাবেলায় উত্তর ত্রিপুরার পানিসাগর থানার অন্তর্গত উত্তর পদ্মবিল এলাকায় ঘটে এক মর্মান্তিক ও ন্যক্কারজনক ঘটনা। অভিযোগ, দাদু জয়নাল উদ্দিন (৪৪) নিজের চৌদ্দ মাস বয়সী নাতনিকে ধর্ষণ করে হত্যা করে। ঘটনার পরপরই শিশুটির নিথর দেহ পাওয়া যায় নিকটবর্তী এক কৃষিজমিতে। অভিযুক্ত ঘটনার পর পালিয়ে যায়। খবর পেয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ বিশেষ দল গঠন করে এবং পুলিশের তৎপরতায় পরদিন ভোরে আসাম রাজ্যের নিলামবাজার এলাকা থেকে অভিযুক্ত জয়নাল উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। সোমবার অভিযুক্তকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে তোলা হয়। প্রধান বিচারপতি অংশুমান দেববর্মা অনুপস্থিত থাকায় বিচারকার্য পরিচালনা করেন বিচারপতি অভিজিৎ দে। মামলার তদন্তকারী অফিসার পানিসাগর থানার সাব-ইন্সপেক্টর শিবু রঞ্জন দে অভিযুক্তের তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানান। তবে আদালতের নির্দেশে অভিযুক্তকে পানিসাগর থানার পরিবর্তে আপাতত ধর্মনগর থানাতেই রাখা হবে বলে জানা গেছে। ঘটনায় পানিসাগর থানায় মামলা নং – ২০২৫ পিএনএস ০৪৭ দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং পক্সো আইনের অধীনে এই মামলা রুজু হয়েছে। এই নৃশংস ঘটনার তদন্তে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অভিনাশ রাই।
১৪ মাসের নাতনিকে ধর্ষণ তারপর হত্যা , অভিযুক্ত দাদু কে জেলা দায়রা আদালতে প্রেরণ, তিন দিনের রিমান্ড ধর্মনগর পুলিশের!
