সংবাদ সংস্থা, ৭ ডিসেম্বর :- টেস্ট সিরিজে হারের পর যেন আরও তেড়েফুঁড়ে মাঠে নেমেছিল ভারত। আর তার ফল – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপুটে জয় ও সিরিজ দখল। বিশাখাপত্তনমে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক কেএল রাহুল। সিদ্ধান্ত সঠিক প্রমাণ করাতে দেরি করেননি অর্শদীপ; ইনিংসের প্রথম ওভারেই ফিরিয়ে দেন ওপেনার রিকেলটনকে।
এরপর প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা ও কুইন্টন ডি’কক ইনিংসকে সামাল দেন। তাঁদের ১১২ রানের জুটিই দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফিরিয়ে আনার আশা দেখায়। বাভুমা আউট হলেও ডি’কক আবারও বিপদ তৈরি করেন ব্রিটজকের সঙ্গে পার্টনারশিপ গড়ে। শেষ পর্যন্ত দুর্দান্ত সেঞ্চুরি করেন ডি’কক।
কিন্তু শেষের দিকে প্রসিদ্ধ কৃষ্ণ এক ওভারেই ফিরিয়ে দেন ডি’কক এবং মার্করামকে। এরপর দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন – আপে ঝড় তোলেন কুলদীপ যাদব – ক্রমে আউট করেন ব্রেভিস, জ্যানসেন, বশ এবং এনগিডিকে। ২৭০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
রানতাড়ায় নেমে ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর ঝড় তোলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন রোহিত; ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। যশস্বী জয়সওয়াল তুলে নেন কেরিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি।
তাঁদের দাপটের পর ৪৫ বলে অপরাজিত ৬৫ রান করেন বিরাট কোহলি। মাত্র এক উইকেট হারিয়ে এবং ৬১ বল হাতে রেখেই সহজ জয় পায় টিম ইন্ডিয়া।
ভারতীয় ক্রিকেট দলের জন্য এক দুর্দান্ত রাত – টেস্টের বদলা ODI-তেই!
