পুজোর পর ঘুরতে যাবেন? তার আগেই দুর্ভোগ, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

উৎসর্গ রায়, কলকাতা, ০৪ অক্টোবর :- রেল বাতিল, ভ্রমণ পিপাসুদের পরিকল্পনা ভঙ্গ! পুজোয় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তার আগেই রেলের তরফ থেকে দুঃসংবাদ! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। বিজ্ঞপ্তি দিয়ে এ ঘোষণা করেছে পূর্ব রেল।

পুজো কাটতে না কাটতেই রেলযাত্রীদের জন্য বড়সড়ো দুর্ভোগের খবর। বর্ধমান-দুর্গাপুর শাখায় শুরু হচ্ছে ইন্টারলকিংয়ের কাজ। তার জেরেই একটানা ১৮ দিন বন্ধ থাকবে একাধিক দূরপাল্লার ট্রেন। বিজ্ঞপ্তি দিয়ে এ ঘোষণা করেছে পূর্ব রেল। সোমবার ৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে এই কাজ। ফলে, দীর্ঘ তালিকায় নাম উঠেছে জনপ্রিয় একাধিক এক্সপ্রেস ও মেমু ট্রেনের। যাত্রীদের অনেককেই হয় বিকল্প পথে যাত্রা করতে হবে, নয়তো বাতিল করতে হবে টিকিট।

১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দিনে ধাপে ধাপে বাতিল থাকবে Bhopal Weekly Express, Durgiana Express, Nangal Dam Gurumukhi Express, Sealdah Sampark Kranti Express সহ আরও একাধিক ট্রেন।

শুধু তাই নয়, একাধিক মেমু ও ইন্টারসিটি ট্রেনও টানা কয়েক দিন বন্ধ থাকবে। রেল সূত্রে খবর, পুরনো লাইন ও সিগন্যালিং আধুনিকীকরণের স্বার্থেই এই দীর্ঘ ইন্টারলকিংয়ের কাজ। কিন্তু যাত্রীদের দুর্ভোগ যে বাড়বে তা নিয়ে সংশয় নেই। বিশেষত, উৎসব-পরবর্তী সময়ে যখন ভিড় বাড়ে, তখন এমন সিদ্ধান্তে চরম সমস্যায় পড়তে পারেন সাধারণ যাত্রীরা।

রেল জানিয়েছে, কয়েকটি ট্রেন বিকল্প পথে চালানো হবে। তবে বাতিলের তালিকা এতটাই বড় যে বহু যাত্রীর টিকিট ফেরত নেওয়া ছাড়া গতি থাকবে না।

অন্যদিকে, কার্নিভালের জন্য জোরকদমে প্রস্তুতিপর্ব চলছে কলকাতায়। রবিবার রাতেও অতিরিক্ত ট্রেন ব্লু লাইন ও গ্রিন লাইনে জানানো হল কর্তৃপক্ষের তরফে। মূলত, কার্নিভালের দিন যাত্রীদের ভিড় সামাল দিতেই এই বিশেষ উদ্যোগ নিল মেট্রো রেলওয়ে। জানানো হয়েছে, আগামীকাল ৫ অক্টোবর ২০২৫, রবিবার ব্লু লাইন ও গ্রিন লাইনে স্বাভাবিক পরিষেবা শেষে চলবে অতিরিক্ত ট্রেন।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন মোট ৬টি বিশেষ ট্রেন (৩টি আপ ও ৩টি ডাউন) চালানো হবে। প্রতিটি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে প্রায় ২০ মিনিট। কার্নিভালের দিন রাত্রিবেলায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতে সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে তাদের তরফে।