শিলচরে পরপর দুটি অভিযানে জব্দ প্রচুর পরিমানে নেশা সামগ্রী!

ইকবাল হুসেন চৌধুরী, শিলচর, ১৭ সেপ্টেম্বর :- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিলচর সদর থানার অধীনস্থ আইএসবিটি এবং কালিবাড়িচরে দুটি পৃথক বিশেষ অভিযানে প্রচুর মাদক জব্দ করেছে পুলিশ। আটক করা হয় চারজনকে। ধৃতরা হলেন ত্রিপুরার বিশ্বজিৎ পাল, তিনসুকিয়ার ভাইমন চেটিয়া, শিলচরের নেকিম উদ্দিন মজুমদার এবং বাহার উদ্দিন লস্কর। তল্লাশির সময় চারটি নলাকার ড্রামের মধ্যে সত্তরটি বাদামী পলিথিনে মোড়ানো

প্লাস্টিকের ব্যাগ ছিল। ড্রামের ভেতরে সন্দেহভাজন ৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আরেকটি অভিযানে পুলিশ চারটি সাবানের প্যাকেটে প্রায় ১৬৫ গ্রাম ওজনের হেরোইন সহ নগদ ৭৫,০০০ টাকাও জব্দ করে। কালোবাজারে জব্দ করা মাদকের মূল্য আনুমানিক এক কোটি ৫০ লক্ষ টাকা হবে বলে জানা গেছে। পরে সাক্ষীদের উপস্থিতিতে মাদকগুলি জব্দ করা হয়েছে। জানা গিয়েছে ত্রিপুরার আগরতলা এবং মিজোরামের কোলাশিব থেকে এ মাদক পাচার করা হচ্ছে। পুলিশ বিষয়টি আরও তদন্ত করছে।