হাইলাকান্দি পুলিশ ও NCB-এর যৌথ অভিযান, ১০ কোটির টাকার বেশি পরিমাণ হেরোইন ও মেথামফেটামিন উদ্ধার, গ্রেপ্তার ২
ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড়ো সাফল্য হাইলাকান্দি পুলিশ ও নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (NCB)। শুক্রবার রামনাথপুর এলাকায় জাতীয় সড়কে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় অভিযানকারীরা। বাজেয়াপ্ত করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকারও বেশি। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত একটি টাটা ট্রাকও আটক করা হয়েছে। জানা গেছে, রামনাথপুর থানার সামনে সন্দেহভাজন (AS 27C 7358) নম্বরের টাটা ট্রাকে তল্লাশি চালান NCB ও পুলিশের যৌথ বাহিনীর সদস্যরা। তল্লাশিতে ট্রাকটি থেকে ২.২০১ কেজি হেরোইন এবং ১.২৮৫ কেজি মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার হয়। বিপুল পরিমাণ এই মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযান চলাকালীন মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন করিমগঞ্জ জেলার জগন্নাথপুরের ছামির উদ্দিন এবং হাইলাকান্দি জেলার জামিরা এলাকার কিলারবাকের বাসিন্দা ফরিজ উদ্দিন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, উদ্ধার হওয়া মাদকগুলি মণিপুরের চূড়াচাঁদপুর থেকে আনা হচ্ছিল। সেগুলি শ্রীভূমি জেলায় পাচারের উদ্দেশ্য ছিল বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। এই বিপুল পরিমাণ মাদক পাচারের নেপথ্যে আন্তঃরাজ্য কোনও মাদক চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি পাচারচক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সন্ধানেও তদন্ত চালাচ্ছে NCB ও হাইলাকান্দি পুলিশ।