থর মরুভূমিতে ভারতীয় বায়ুসেনার যুদ্ধক্ষমতা ও অপারেশনাল দক্ষতার প্রদর্শন
রত্নজ্যোতি দত্ত
পোখরান (রাজস্থান), ২৮ ফেব্রুয়ারি – ভারতীয় বায়ুসেনা (IAF) শুক্রবার রাজস্থানের পোখরান এয়ার-টু-গ্রাউন্ড রেঞ্জে অনুষ্ঠিত বায়ুশক্তি–২০২৬ মহড়ায় তাদের যুদ্ধ প্রস্তুতি ও সক্ষমতার শক্তিশালী প্রদর্শন করে।
থর মরুভূমির মাঝে আয়োজিত এই মহড়ায় ভারতীয় বায়ুসেনার নির্ভুল আঘাত হানার ক্ষমতা এবং বহু-মাত্রিক যুদ্ধ পরিচালনার সামগ্রিক চিত্র তুলে ধরা হয়।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে আয়োজিত এই মহড়ায় দিন, গোধূলি ও রাত—তিন সময়েই সমন্বিত সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা প্রদর্শন করা হয়। সংকটকালে দেশের “প্রথম, দ্রুততম ও সবচেয়ে কার্যকর প্রতিক্রিয়াশীল বাহিনী” হিসেবে বায়ুসেনার ভূমিকা এ প্রদর্শনীতে তুলে ধরা হয়।


মহড়াটি একটি পরিকল্পিত যুদ্ধ পরিস্থিতি ধরে পরিচালিত হয়, যেখানে যুদ্ধক্ষেত্রের অনুকরণ করা হয়। মরুভূমির আকাশে যুদ্ধবিমানের গর্জন ও নির্ভুল বোমাবর্ষণ দেশের আধুনিক বিমান শক্তির শক্তিশালী প্রদর্শন করে।
রাফাল, সুখোই সু-৩০ এমকেআই, তেজস ও মিরাজ–২০০০ সহ আধুনিক যুদ্ধবিমানগুলো কাল্পনিক শত্রু ঘাঁটিতে নির্ভুল বিমান হামলা চালায়। একই সঙ্গে সি-১৩০জে, সি-২৯৫ ও সি-১৭ পরিবহন বিমান দ্রুত এয়ারলিফট অভিযান পরিচালনা করে।
অ্যাপাচি, চিনুক, লাইট কমব্যাট হেলিকপ্টার, এমআই–১৭ IV, এএলএইচ এমকে–IV এবং চেতক হেলিকপ্টার নিম্ন উচ্চতায় রকেট ও গান ফায়ারিং, আহত উদ্ধার এবং দুর্গম এলাকায় সরঞ্জাম পরিবহনের মহড়া প্রদর্শন করে।
বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ. পি. সিংহসহ শীর্ষ কর্মকর্তারা ভারত–পাকিস্তান সীমান্তের কাছে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই মহড়া পর্যবেক্ষণ করেন।
মহড়ায় শর্ট রেঞ্জ লয়টারিং মিউনিশন, আকাশ ও স্পাইডার ভূমি-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং কাউন্টার আনম্যানড এরিয়াল সিস্টেমসহ উন্নত অস্ত্র ব্যবস্থার প্রদর্শন করা হয়, যা ভারতের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা তুলে ধরে। ড্রোন ও আধুনিক রাডার ব্যবস্থার সহায়তায় নেটওয়ার্কভিত্তিক যুদ্ধ পরিচালনার দক্ষতাও প্রদর্শিত হয়।
এছাড়া, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা অভিযানের অনুশীলনের মাধ্যমে দেশ ও বিদেশে উদ্ধার কার্যের সক্ষমতাও তুলে ধরা হয়। রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগড়ে এবং কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতসহ বহু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই মহড়ায় দেশীয় প্রযুক্তি ও প্ল্যাটফর্মের ব্যাপক ব্যবহার প্রতিরক্ষা উৎপাদনে ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগকে প্রতিফলিত করে।
‘অচুক, অভেদ্য ও সঠিক’ – মূলমন্ত্রে অনুপ্রাণিত এই মহড়া দেশের আকাশসীমা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বায়ুসেনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
মহড়ার শেষে আয়োজিত ড্রোন শো ভারতীয় বায়ুসেনার ঐতিহ্য ও প্রযুক্তিগত অগ্রগতিকে শ্রদ্ধা জানায়।
ফটো : শিপ্রা দাসবায়ুশক্তি ২০২৬
