সংবাদ সংস্থা, ২ নভেম্বর :- চলতি বছর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বসতে চলেছে আইপিএল ২০২৬ – এর নিলাম (IPL 2026 Auction)। ধারণা করা হচ্ছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যে কোনও একদিন শুরু হবে খেলোয়াড় কেনাবেচার বাজার। এরই মধ্যে দলবদলের গুঞ্জনে সরগরম ক্রিকেট মহল। বেশ কয়েকজন নামী ক্রিকেটার নিজেদের পুরনো ফ্র্যাঞ্চাইজি ছেড়ে নতুন দলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেই খবর।
এর মাঝেই সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন রোহিত শর্মা। শোনা যাচ্ছে, দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক শেষ করে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ছেড়ে তিনি নাকি পাড়ি দিচ্ছেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders)!
সোশ্যাল মিডিয়ায় রোহিতের দলবদল নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
একদিকে, কেকেআর সম্প্রতি অভিষেক নায়ারকে হেড কোচ হিসেবে নিয়োগ করেছে। রোহিতের সঙ্গে অভিষেকের বন্ধুত্ব ও পেশাদার সম্পর্কও পুরনো – ঘরোয়া ক্রিকেট, মুম্বই ইন্ডিয়ান্স ও জাতীয় দলে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। জানা গেছে, অভিষেকের তত্ত্বাবধানেই রোহিত সম্প্রতি ১০ কেজি ওজন কমিয়ে নিজেকে আরও ফিট করে তুলেছেন।
তাছাড়া, রোহিত এক নম্বর আইসিসি ওডিআই ব্যাটার হওয়ার পর কেকেআরের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানিয়ে পোস্ট করা হয়েছিল :-
“একেবারে যোগ্য হিসেবেই সবার উপরে, অভিনন্দন রোহিত”
এই পোস্টের নিচে এক ভক্ত প্রশ্ন করেন, “তাহলে রোহিত কি এবার কেকেআরে যোগ দিচ্ছেন?”
জবাবে কেকেআর লেখে, “নিশ্চিতভাবেই পুরুষদের বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার।” – আর তাতেই জল্পনা আরও তীব্র হয়।
তবে রেভস্পোর্টসের সাংবাদিক রোহিত জুগলান তাঁর ইউটিউব চ্যানেলে দাবি করেছেন,
“এই মুহূর্তে কিন্তু রোহিত মুম্বই ছাড়ছেন না। শুধু রোহিতই নয়, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া ও জসপ্রীত বুমরাও মুম্বইয়ের সঙ্গেই থাকছেন।”
অবশেষে, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের এক্স (X) হ্যান্ডেলে শাহরুখ খানের ডন সিনেমার বিখ্যাত সংলাপ ধার করে পোস্ট করে:
“Sun will rise tomorrow again ye toh confirm hai, but at (K)night… mushkil hi nahi, namumkin hai।”
অর্থাৎ বাংলায়, “কাল আবার সূর্য উঠবে তা নিশ্চিত, কিন্তু রাতে সেটা সম্ভব নয়।”
পোস্টে “(K)night”-এর আগে ‘K’ যুক্ত করে মুম্বই যেন পরিষ্কার জানিয়ে দিয়েছে—রোহিত শর্মা আপাতত মুম্বই ইন্ডিয়ান্সই থাকছেন, কলকাতায় নয়।
গত আইপিএল মরশুমে (২০২৫) মুম্বই ইন্ডিয়ান্স চতুর্থ স্থানে শেষ করেছিল। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করেছিল হার্দিকের দল। রোহিত শর্মা করেছিলেন ৪১৮ রান, স্ট্রাইক রেট ১৪৯.২৮, গড় ২৯.৮৫। এলিমিনেটরে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলেছিলেন তাঁর সর্বোচ্চ ইনিংস – ৮১ রান।
সব মিলিয়ে, রোহিতের দলবদল নিয়ে যতই গুঞ্জন চলুক, মুম্বই ইন্ডিয়ান্সের বার্তা একটাই –
‘রোহিত এখনও মুম্বইচা রাজা!’
