ইকবাল হুসেন চৌধুরী, শিলচর ০৪ অক্টোবর : কাছাড় জেলার হরিনগর বাজার এলাকায় দশমীর দিনে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘাতের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হরিনগর বস্তির একটি পূজো কমিটির পক্ষ থেকে প্রতিমা বিসর্জনের জন্য যাত্রা বের হলে, বর্মন সম্প্রদায়ের কিছু লোক আচমকা হামলা চালায় পাশাপাশি জানা যায়, প্রতিমার ওপরও আঘাত করে যার ফলে মা দুর্গার প্রতিমার ব্যাপক ক্ষতি হয়।


পূজো কমিটির সদস্যদের অভিযোগ এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে জ্যোতিষ বর্মন। তাঁর নেতৃত্বে একদল যুবক বাজার এলাকার একাধিক দোকানে হামলা চালিয়ে ভাঙচুরও করে বলে অভিযোগ। ঘটনার পর পূজো কমিটির পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করা হলেও এখনও পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এর ফলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পূজো কমিটির সদস্যরা সতর্ক করে জানিয়েছেন যদি প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হয়, তবে স্থানীয় জনগণ তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। এই ঘটনার জেরে হরিনগর বাজারে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।
যদিও পরবর্তী পরিস্থিতি অস্বাভাবিক দেখে রীতিমতো নড়েচড়ে বসে পুলিশ।
