বিজেপি বনাম কংগ্রেসের লড়াই , ধোঁয়াশায় হাইলাকান্দি সমষ্টির আসন !

যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি ০৭ এপ্রিল : বিজেপির ড° মিলন দাস বনাম কংগ্রেসের প্রাক্তন বিধায়ক রাহুল রায় ! হাইলাকান্দির ১২১ নম্বর বিধানসভা আসনে এই দুই প্রার্থীর মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে। ডিলিমিটেশনের প্রকোপে হাইলাকান্দি বিধানসভা আসনটি এবার হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনবহুল হিসেবে পরিণত হয়েছে। সেই হিসেবে সংখ্যালঘু ভোট কম থাকার ফলে বাড়তি সুবিধায় রয়েছে বিজেপি দল ।


বিজেপি দলের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর এক প্রকার নিশ্চিত ছিল যে এই আসনে এবার বিজেপি প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষায় ।আজ প্রচারের অন্তিম মুহূর্তে জয়ের মালা কার ভাগ্যে তা নিয়ে সন্দিহান ভোটাররা। কিন্তু পরবর্তীতে এই আসনে প্রাক্তন বিধায়ক রাহুল রায়কে প্রার্থীত্ব প্রদান করে মাস্টার স্ট্রোক দেয় কংগ্রেস । আর এতেই রাতারাতি পাল্টে যায় হাইলাকান্দি বিধানসভা আসনের রাজনৈতিক চিত্র । দলের প্রতি আনুগত্য দেখিয়ে গৌতম রায়ের স্পষ্ট অবস্থান যেমন রাহুল রায়কে ব্যাকফুটে ঠেলে দিয়েছে ঠিক তেমনই দলীয় অন্তর্ঘাতে বেকায়দায় পড়তে পারেন বিজেপি প্রার্থী মিলন দাস, এমন গুঞ্জন চলছে সর্বত্র । প্রাক্তন মন্ত্রী গৌতম রায় এবং প্রাক্তন বিধায়ক তথা ধনকুবের রাহুল রায়ের অসংখ্য অনুগামী রয়েছে হাইলাকান্দি জেলাজুড়ে । আর রায় পরিবারের প্রতি সে সকল মানুষের ভালোবাসার প্রতিফলন ঘটলে সুবিধাজনক অবস্থায় পৌঁছতে পারেন রাহুল রায় বলে জোর চর্চা চলছে । নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী মিলন দাস ও কংগ্রেস প্রার্থী রাহুল রায় ভোটারদের মন জয় করতে কাল ঘাম ঝরাচ্ছেন । প্রচারে বিজেপি প্রার্থী মিলন দাস দল ও সাংগঠনিক শক্তিকে পুঁজি করে ছোট ছোট সভা ও র‍্যালি করে জোরদার প্রচার অভিযান চালানো হয়। কিন্তু এক্ষেত্রে রাহুল রায় সুকৌশলে কোন বড় সভা-সমিতি ছাড়াই ‘ডোর টু ডোর’ প্রচার অভিযানের উপর জোর দিয়েছেন । তার প্রচারের গতি একদম স্লথ থাকলেও তিনি কৌশলে বিজেপির ভোট ভাঙতে অত্যন্ত গোপনে কাজ চালিয়ে যাচ্ছেন বলি একটি সূত্র দাবি করেছে । ওই সূত্রটি জানায়, বিজেপির হেভিওয়েট নেতারা হাইলাকান্দি জেলায় এসে প্রচার অভিযান শেষ করে যাওয়ার পর রাহুল রায় তার শেষ চাল দিবেন । এদিকে, রাহুল রায় প্রার্থী হওয়ার পর হাইলাকান্দি শহর, লালা শহর সহ কাটলীছড়া এলাকার হিন্দু ভোটাররা অনেকটাই দ্বিধায় পড়ে গেছেন । নির্বাচন নিয়ে হিন্দু ভোটারদের মধ্যে তেমন আগ্রহ নেই । দুই প্রার্থীর পক্ষে সরাসরি সমর্থন জানাতে হিমশিম খাচ্ছেন হিন্দু ভোটাররা । এর ফলে এবারের নির্বাচনে নীরব ভোট হওয়ার আশঙ্কাটাই তৈরি হচ্ছে । আর এতেই হাইলাকান্দি আসনে মিলন বনাম রাহুল খেলাটা বেশ জমে উঠেছে। তবে জয় নিশ্চিত করতে সব দলই নিশ্চুপ,নীরব ভূমিকায় ইভিএমে রয়েছে ভাগ্যে বন্দী।