এডিসি নির্বাচনকে সামনে রেখে জাম্পুইয়ে বিজেপির জোর প্রচার, রবীন্দ্র রিয়াং-এর বাড়ি বাড়ি জনসংযোগ

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ৬ মার্চ :- আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরার ১নং দামছড়া জাম্পুই কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শ্রী রবীন্দ্র রিয়াং জোরকদমে প্রচার চালাচ্ছেন। তারই অংশ হিসেবে রবিবার পূর্ব বাঁধারিমা শান্তিপুর গ্রামে ব্যাপক জনসংযোগ অভিযান সংগঠিত হয়।এই দিনে প্রার্থী নিজে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিজেপির উন্নয়নমূলক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি এলাকার মানুষের সমস্যা ও দাবি-দাওয়া মন দিয়ে শোনেন এবং সেগুলি সমাধানের আশ্বাস দেন।জনসংযোগ অভিযানে স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। গোটা এলাকায় প্রচারকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রার্থী রবীন্দ্র রিয়াং জানান, এডিসি এলাকায় উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি এবং জনজীবনের মানোন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। তিনি আশাবাদী, সাধারণ মানুষ বিজেপির উন্নয়নমূলক কাজের উপর ভরসা রেখে এবারও দলকে সমর্থন জানাবেন।উল্লেখ্য, আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের শক্তি প্রদর্শনে ময়দানে নেমেছে। এরই মধ্যে বিজেপির এই ধরনের জনসংযোগ অভিযান নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলছে।