MGNREGA বাঁচাও কর্মসূচির অঙ্গ হিসেবে ধর্মনগরে কংগ্রেসের গণ অবস্থান:

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর ৩০ জানুয়ারি: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নির্দেশে মনরেগা প্রকল্প রক্ষার দাবিতে শুক্রবার ৫৬ নং ধর্মনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে চার ঘণ্টাব্যাপী গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। “MGNREGA বাঁচাও” কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে কংগ্রেস কর্মী ও সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।গণ অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, মহাত্মা গান্ধীর আদর্শ আজও আমাদের ন্যায়বিচার, সত্য ও শান্তির পথে চলার অনুপ্রেরণা জোগায়। সেই আদর্শকে সামনে রেখেই কংগ্রেস দল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার রক্ষায় আন্দোলন করে আসছে। বক্তাদের অভিযোগ, বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদাসীনতা ও ভুল নীতির ফলে মনরেগা প্রকল্প কার্যত মুখ থুবড়ে পড়েছে। নিয়মিত কাজের অভাব, সময়মতো মজুরি না পাওয়া এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার ঘাটতির কারণে গ্রামীণ শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্পাদক চয়ন ভট্টাচার্যী। তিনি তাঁর বক্তব্যে বলেন, মনরেগা প্রকল্প শুধুমাত্র একটি কর্মসংস্থান প্রকল্প নয়, এটি গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। এই প্রকল্প দুর্বল হলে গ্রামের দরিদ্র মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি সরকারকে অবিলম্বে মনরেগা প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দ বৃদ্ধি, বকেয়া মজুরি দ্রুত পরিশোধ এবং প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখার দাবি জানান।
গণ অবস্থানে আরও বক্তব্য রাখেন প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট পরিমল চক্রবর্তী, ব্লক প্রেসিডেন্ট সুবল গোস্বামী এবং ধর্মনগর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজন নাথ চৌধুরী। বক্তারা একযোগে বলেন, গ্রামীণ মানুষের রুজি-রুটি রক্ষায় মনরেগা প্রকল্পকে শক্তিশালী করা আজ সময়ের দাবি। রাজনৈতিক স্বার্থে এই প্রকল্পকে দুর্বল করার যে কোনও চেষ্টার বিরুদ্ধে কংগ্রেস দল ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাবে।
গণ অবস্থান কর্মসূচিতে অন্যান্য কংগ্রেস কর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচির মাধ্যমে কংগ্রেস নেতৃত্ব সরকারের দৃষ্টি আকর্ষণ করে মনরেগা প্রকল্প বাঁচানোর আহ্বান জানান এবং গ্রামীণ মানুষের পাশে থাকার বার্তা দেন।