মনিপুরী অটোনমাস কাউন্সিল গঠনের দাবিতে শিলচরে শান্তিপূর্ণ গণমিছিল সহ প্রশাসনের হাতে সময়সীমা বেঁধে লিখিত দাবী পত্র প্রেরণ

যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর,২০ জানুয়ারি: জেলার শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সোমবার মনিপুরী সম্প্রদায়ের পক্ষ থেকে শিলচরে এক বিশাল শান্তি মিছিলের আয়োজন করা হয়।শহরের চেংকুড়ি রোডস্থিত শিলচর কলেজ সংলগ্ন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে।পরে কাছাড় জেলার জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়।এই মিছিলে বিষ্ণুপ্রিয়া মনিপুরী সম্প্রদায়ের পুরুষ, মহিলা, যুবক-যুবতীসহ বিভিন্ন বয়সের মানুষ পায়ে পা মিলিয়ে অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তাঁরা।মিছিল শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আয়োজক বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৈনিক ওয়েলফেয়ার অর্গেনাইজেশনের কর্মকর্তারা জানান, মনিপুরী অটোনমাস কাউন্সিল গঠনের দাবিতে ২০২০ সাল থেকেই ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন তাঁরা।বৃহত্তর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের নানা সমস্যা ও দাবি নিয়ে বারবার সরকারের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনও ইতিবাচক সাড়া মেলেনি বলে অভিযোগ তাঁদের।সংগঠনের দাবি, কাউন্সিল গঠনের বিষয়ে সরকার বিভিন্ন অজুহাত দেখিয়ে বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখেছে।এর ফলে প্রশাসনিক,সামাজিক ও উন্নয়নমূলক নানা সমস্যার সম্মুখীন হচ্ছে মনিপুরী সম্প্রদায়।২০২০ সালে উত্থাপিত সেই দাবিকে সামনে রেখেই আজও আন্দোলন অব্যাহত রেখেছেন তাঁরা।আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই মনিপুরী অটোনমাস কাউন্সিল গঠন করে সরকার যেন সম্প্রদায়কে এই গুরুত্বপূর্ণ উপহার দেয়—এমন জোরালো দাবি জানানো হয়েছে মিছিল থেকে।নির্বাচনের আগে এই দাবি পূরণ হলে সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে তা সহায়ক হবে বলেও জানান আয়োজকরা। পাশাপাশি, সরকার তাঁদের দীর্ঘদিনের ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।