ধর্মনগরে ‘স্টেলার বডি স্টুডিও’ জিম সেন্টারের শুভ উদ্বোধন

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ৬ মার্চ :- ধর্মনগর জেলরোডে উৎসব হোটেল সংলগ্ন স্থানে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল আধুনিক ফিটনেস সেন্টার ‘স্টেলার বডি স্টুডিও’ জিম সেন্টারের। বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব বাড়ার প্রেক্ষিতে স্থানীয় মানুষের জন্য উন্নত মানের শরীরচর্চার সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উদ্বোধন উপলক্ষে এদিন জিম প্রাঙ্গণে ভক্তিভরে হনুমান পূজা ও অর্চনার আয়োজন করা হয়। এরপর বিশিষ্ট সমাজসেবী জহর চক্রবর্তী এবং প্রাক্তন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে জিম সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অতিথিরা জিমের আধুনিক পরিকাঠামো পরিদর্শন করে উদ্যোগটির প্রশংসা করেন। তাঁরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, ব্যস্ত জীবনযাত্রার মধ্যে সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা অত্যন্ত জরুরি। এই ধরনের আধুনিক জিম সেন্টার যুবসমাজকে ফিটনেসের প্রতি আগ্রহী করে তুলবে এবং সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।‘স্টেলার বডি স্টুডিও’ জিম সেন্টারটি অত্যাধুনিক সরঞ্জামে সু সজ্জিত। এখানে কার্ডিও, স্ট্রেংথ ট্রেনিং, ওয়েট লিফটিং সহ বিভিন্ন ধরনের ব্যায়ামের সুবিধা রয়েছে। পাশাপাশি প্রশিক্ষিত ট্রেনারদের তত্ত্বাবধানে সদস্যরা সঠিক নিয়মে শরীরচর্চা করার সুযোগ পাবেন।জিমের কর্ণধার অর্ঘ্যকুসুম চক্রবর্তী জানান, ইতিমধ্যেই সদস্যভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং স্থানীয় মানুষের কাছ থেকে যথেষ্ট সাড়া মিলছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি জিম তৈরি করা নয়, বরং একটি স্বাস্থ্য সচেতন সমাজ গড়ে তোলা।” সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জিম খোলা থাকবে, যাতে কর্মব্যস্ত মানুষও নিজেদের সুবিধামতো সময়ে এসে শরীরচর্চা করতে পারেন। নতুন এই উদ্যোগ ধর্মনগরের ফিটনেস চর্চায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন স্থানীয়রা।