ধর্মনগর উপনির্বাচন ঘিরে মুখ্যমন্ত্রীর সফর, বিজেপি প্রার্থীর পক্ষে জোরালো বার্তা

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ৬ মার্চ :- ৫৬ নং ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা যখন তুঙ্গে, ঠিক সেই সময় আজ ধর্মনগর সফরে আসেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাঁর এই সফরকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সফরকালে মুখ্যমন্ত্রী স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ধর্মনগর মন্ডল সভাপতি, মন্ত্রী সুধাংশু দাস, জেলা সভাপতি, ধর্মনগরের প্রার্থী জহর চক্রবর্তী সহ একাধিক নেতৃত্বগন। সভায় রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্প এবং ধর্মনগরের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছে এবং উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে স্থিতিশীল সরকার অত্যন্ত প্রয়োজন। উপস্থিত সকলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আহ্বান জানান, জহর চক্রবর্তীকেই বিপুল ভোটে জয়ী করে উন্নয়নের এই যাত্রাকে অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, ধর্মনগরের উন্নয়ন এবং এলাকার মানুষের স্বার্থে একজন শক্তিশালী ও কার্যকর প্রতিনিধির প্রয়োজন, যা বিজেপি প্রার্থীই নিশ্চিত করতে পারবেন। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারযুদ্ধ তীব্র হয়ে উঠছে ধর্মনগরে।