যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ৬ মার্চ :- আসন্ন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই রবিবার ধর্মনগর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে এক সুবিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও যুব সমাজের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা র্যালিটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
শতাধিক বাইক নিয়ে র্যালিটি ধর্মনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। বৃষ্টি ও খারাপ আবহাওয়ার মধ্যেও অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল অনন্য, যা উপস্থিত সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।এই র্যালির মাধ্যমে বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে জনমত গড়ে তোলার পাশাপাশি তাঁকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়। র্যালিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস এবং বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী সহ একাধিক নেতৃত্বগন। তাঁরা কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন এবং উৎসাহ জোগান। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে জানান, প্রতিকূল পরিস্থিতিতেও যুব সমাজের এই ব্যাপক অংশগ্রহণই প্রমাণ করে যে, আসন্ন উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। র্যালিকে কেন্দ্র করে গোটা ধর্মনগরে নির্বাচনী আবহ আরও তীব্র হয়ে উঠেছে এবং রাজনৈতিক মহলে এই কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করছে।
প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ধর্মনগরে যুব মোর্চার ঐতিহাসিক বাইক র্যালি
