OCA অ্যাথলিটস কমিশনে রাজেশ্বরী, দক্ষিণ এশিয়ার প্রতিনিধি
রত্নজ্যোতি দত্ত
নাগোয়া, জাপান, ৪ অক্টোবর :- OCA-র অ্যাথলিটস কমিশনের ২০২৬-৩০ মেয়াদে সদস্য ও দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে ভারতের শুটার রাজেশ্বরী কুমারীকে মনোনীত করেছে সংস্থার নির্বাহী বোর্ড। রবিবার এ কথা জানিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা (IOA)।কমিশনে রাজেশ্বরী হলেন দ্বিতীয় ভারতীয় সদস্য। এর আগে শিব কেশবন এই দায়িত্ব পেয়েছেন। ২০২৬ থেকে ২০৩০ পর্যন্ত মেয়াদে দক্ষিণ এশিয়ার অ্যাথলিটদের প্রতিনিধিত্ব করবেন রাজেশ্বরী। “এই স্বীকৃতিতে আমি সম্মানিত ও আপ্লুত। আমার উপর আস্থা রেখে এই মর্যাদাপূর্ণ দায়িত্বের জন্য মনোনীত করায় ভারতীয় অলিম্পিক সংস্থা, সভাপতি ডঃ পি টি উষা এবং IOA-র প্রতি আমি কৃতজ্ঞ,” IOA-র বিবৃতিতে বলেছেন রাজেশ্বরী। একজন অ্যাথলিট হিসেবে খেলোয়াড়দের আশা, চ্যালেঞ্জ ও স্বপ্ন সম্পর্কে তাঁর প্রত্যক্ষ ধারণা রয়েছে এবং তাঁদের কণ্ঠস্বর আরও জোরালো করতে কাজ করবেন বলেও জানান তিনি। ‘রিয়া’ নামে পরিচিত রাজেশ্বরী ২০২৩ এশিয়ান গেমসে মহিলাদের ট্র্যাপে রুপো জিতেছিলেন। প্যারিস অলিম্পিকেও ভারতের প্রতিনিধিত্ব করা রাজেশ্বরী এবার দক্ষিণ এশিয়ার অ্যাথলিটদের কণ্ঠস্বর তুলে ধরবেন।